মালয়েশিয়ার অভ্যন্তরীণ কারণে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর বাতিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম
পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
আগামী ৭ ডিসেম্বর ঢাকায় এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের। দুই দিনের বাংলাদেশ সফর শেষে তার থাইল্যান্ড যাওয়ার কথা ছিল। তবে মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ ও থাইল্যান্ড সফর দুটিই স্থগিত করেছেন তিনি।
ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও তাদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেটিই ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর।
এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সফরে এসেছিলেন আনোয়ার ইব্রাহিম। ওই সফরে তৎকালীন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

