কুমিল্লা-৩ আসন
নির্বাচনি ট্রেন চালু বিএনপি জামায়াত ও এনসিপির
Advertisement
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১২:৩০ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসনে শীর্ষ তিন রাজনৈতিক দল ভোটের কার্যক্রম শুরু করেছে। খোশগল্প শিরোনামে জনতার সঙ্গে উঠান বৈঠক করছে বিএনপি। এনসিপি উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তদারকি করে নিজেদের কর্মকাণ্ড তুলে ধরছে। জামায়াতে ইসলামীর প্রার্থী এবং কর্মী-সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করছেন। রাজনৈতিক দলগুলোর এমন তৎপরতায় এলাকায় ভোটের আমেজ তৈরি হচ্ছে। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনি ট্রেন চালু করেছে।
সরেজমিন ঘুরে জানা গেছে, মুরাদনগর উপজেলার যাত্রাপুর, নবীপুর, কামাল্লা, বাঙ্গরাসহ আশপাশের এলাকায় ইতোমধ্যেই বিএনপি খোশগল্পের আয়োজন করেছে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিচ্ছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ-সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এসব খোশগল্পে আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড এবং বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরছেন। পাশাপাশি তারেক রহমানের রাষ্ট্র ভাবনা এবং দলের ৩১ দফা তুলে ধরা হচ্ছে।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই উপজেলার বাসিন্দা। আসনটিতে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলছে। এনসিপির নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ, সড়কের সংস্কার, কবরস্থানের উন্নয়ন, মসজিদ-মাদ্রাসার উন্নয়নসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ড দেখভাল করছেন। পাশাপাশি বিভিন্ন মানুষের দাবি ও প্রত্যাশা পূরণের জন্য আশ্বাস দিচ্ছেন। এর মধ্যদিয়ে তারা নির্বাচনি বার্তা দিচ্ছেন।
এদিকে জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণার পর থেকেই জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট চাইছেন নেতাকর্মীরা। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল দলটির সংসদ-সদস্য পদপ্রার্থী। তিনি ভোটারদের মন জয় করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন।
মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, জনগণের সঙ্গে বিএনপির মেলবন্ধন তৈরির লক্ষ্যে আমরা কাজ করছি। এখানে বিএনপির ভোট ব্যাংক। অন্য কোনো তৎপরতা কাজে আসবে না। জনসাধারণ বিএনপিকে ভোট দিতে উদ্গ্রীব হয়ে আছে। মুরাদনগর উপজেলা এনসিপির মুখ্য সমন্বয়কারী মিনহাজুল হক বলেন, উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে হচ্ছে কি না তা তদারকি করা হচ্ছে। উপদেষ্টার হাত ধরে এখানে ব্যাপক উন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণ হবে। জামায়াত নেতা ইউসুফ হাকিম সোহেল বলেন, আমরা জনগণের রায়ে বিশ্বাসী। তাই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। অনেক সাড়া পাচ্ছি। মানুষ গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে আসতে চায়। আমরা মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করব।




