ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা।
শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হওয়ার পর তার দাখিলকৃত তথ্যাদি ও হলফনামা পর্যালোচনা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ প্রার্থীদের যোগ্যতা ও অন্যান্য আইনগত দিক বিবেচনা করে ইশরাক হোসেনের প্রার্থিতা গ্রহণ করেন।
এর আগে গত ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ইশরাক।
মনোনয়ন বৈধ ঘোষণার পর ইশরাক হোসেন সন্তোষ প্রকাশ করে জানান যে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তার শুনানি সম্পন্ন হয়েছে এবং তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন।
শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তা সব প্রার্থীকে নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে মেনে চলার কঠোর নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে নির্ধারিত সময়ের আগে প্রচার-প্রচারণা চালানো এবং যত্রতত্র পোস্টার বা ব্যানার না লাগানোর বিষয়ে সতর্ক করা হয়েছে। পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন সাধারণ ভোটারদের কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

