লেবার পার্টির মোস্তাফিজুর রহমানকে শোকজ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ পিএম
বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান।
|
ফলো করুন |
|
|---|---|
নির্ধারিত সময়ের আগেই নির্বাচনি প্রচারণা শুরু করার অভিযোগে ঢাকা-১২ আসনে বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান ইরানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৮ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সই করা চিঠিতে এই আদেশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা-১২ আসনে মোস্তাফিজুর রহমানের ছবিসহ পোস্টার বিভিন্ন রাস্তার দেয়ালে এবং পিলারের গায়ে প্রদর্শিত হতে দেখা যাচ্ছে- যা আচরণ বিধিমালা ৭ (ক) এবং ১৮ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার মধ্যে সমস্ত বিতর্কিত বিলবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ১৯ জানুয়ারি সকাল ১০টার মধ্যে প্রার্থীকে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে। প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
