বিএনপি ফ্যামিলি কার্ডের কথা বলে আবার বিরোধী দলের বাড়িঘর ভাঙচুর করে: আখতার
Advertisement
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ‘বিএনপি একদিকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে; অন্যদিকে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা-বাড়িঘর-ভাঙচুর চালাচ্ছে। এ আসনের পরাজিত বিএনপির প্রার্থী ভোটের আগে কম্বল শাড়ি লুঙ্গি ভোটারদের দিয়েছেন- ভোটে পরাজিত হয়ে তার সন্ত্রাসী বাহিনীরা শাপলা কলির নেতাকর্মী সমর্থকদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে।’
রোববার ২২ (ফেব্রুয়ারি) বিকালে রংপুর কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরে বালারঘাট খামার, বানিয়ার তেপতি, দালালহাটখোলা এলাকায় নির্বাচনপরবর্তী সহিংসতায় শাপলা কলির নেতাকর্মীর ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে উৎখাতে যে বিএনপিকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। সেই বিএনপি আজ ক্ষমতায় গিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের মতো আচরণ করছে। বিএনপির পরাজিত প্রার্থী ভরসার সন্ত্রাসী বাহিনী হারাগাছে শাপলা কলির নেতাকর্মীদের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ও দুটি মোটরসাইকেল, টেলিভিশন, ওয়াশিং মেশিন ভাঙচুর করেছে, চার ভরি স্বর্ণালংকার এবং দুটি মোটরসাইকেল নিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘ভরসার সন্ত্রাসী বাহিনীর ভয়ে শাপলা কলির নেতাকর্মীরা ১০ দিনেও তাদের নিজ বাড়িতে ফিরতে পারেননি। আজ আমার সঙ্গে তারা নিজ বাড়িতে আসার সুযোগ পেল। নির্বাচনপরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত নেতাকর্মীরা অপরাধীদের বিরুদ্ধে মামলা করবে। বাড়িঘর ভাঙচুরকারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। আমার কর্মী-সমর্থকদের ওপর যদি আবার হামলা হয়, তার দায়ভার বিএনপি ও এমদাদুল হক ভরসাকে নিতে হবে।’
এ সময় তার সঙ্গে ছিলেন- এনসিপি হারাগাছ পৌর শাখার সমন্বয়কারী আরাফাত হোসেন, এনসিপি নেতা সুমন প্রমুখ।
