Logo
Logo
×
   

রাজনীতি

সরকারকে ‘ওয়েক-আপ কল’ হিসেবে এই আন্দোলনের সূচনা হয়েছে: ড. তাহের

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম

সরকারকে ‘ওয়েক-আপ কল’ হিসেবে এই আন্দোলনের সূচনা হয়েছে: ড. তাহের

ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। ফাইল ছবি

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, সরকারকে ‘ওয়েক-আপ কল’ হিসেবে এই আন্দোলনের সূচনা হয়েছে। সরকার মানুষের দাবি এবং তাদের ভাষা বুঝতে হবে। বাংলাদেশের মানুষ অনেক দুঃখ-কষ্টে আছে। জনগণ তাদের দুর্দশা লাঘবে মাঠে নেমেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রামমুখী লং মার্চে কুমিল্লায় পথসভায় তিনি এসব কথা বলেন। 

আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে তা থেকে দূরে সরে গিয়েছে। মানুষ সরকারের ওপর থেকে আস্তে আস্তে তাদের সমর্থন তুলে নিচ্ছে। মানুষ নানা দুঃখ-কষ্ট ও সংকটের মধ্যে রয়েছে। জনগণের ন্যায্য দাবি পূরণ এবং রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যথায় জনগণই তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে।

পথসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ। সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল ও কাউন্সিলর মোশাররফ হোসাইন। 

পথসভায় আরও বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় সভাপতি মজিবুর রহমান মঞ্জু, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম