জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সোহেল খানকে শোকজ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম
মো. সোহেল খান। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সদস্য ও ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক মো. সোহেল খানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সংগঠনটির ঢাকা বার ইউনিটের আহ্বায়ক মো. খোরশেদ আলম ও সদস্য সচিব মো. নিহার হোসেন ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নোটিশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, দলীয় সূত্র ও তদন্তে পাওয়া সুনির্দিষ্ট অভিযোগ অনুযায়ী সোহেল খানের বিরুদ্ধে দলের শৃঙ্খলা ও গঠনতন্ত্রের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। সংগঠনের স্বার্থে অভিযোগের বিস্তারিত বিষয় নোটিশে উল্লেখ করা হয়নি।
এতে আরও বলা হয়- তার কর্মকাণ্ড দলের গঠনতন্ত্র, আদর্শ ও শৃঙ্খলার প্রতি মারাত্মক হুমকি সৃষ্টি করেছে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
নোটিশে সোহেল খানের কাছে জানতে চাওয়া হয়েছে, কেন তার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা, অর্থাৎ স্থগিতাদেশ বা বহিষ্কার, গ্রহণ করা হবে না।
নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে সন্তোষজনক লিখিত জবাব দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে অথবা তার জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে একতরফাভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
