শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে প্রশ্নে যা বললেন ফজলুর রহমান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পিএম
প্রবীণ আইনজীবী ফজলুর রহমান। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চব্বিশের গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারত গিয়ে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে দেশে ফেরাতে সরকার ও আইনশৃংখলা বাহিনী সচেষ্ট রয়েছে। এ লক্ষ্যে কূটনৈতিক নানা তৎপরতাও চোখে পড়ছে। এদিকে ভারতে বসে ভার্চুয়ালি দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। ভারত সরকার তাকে এই সুযোগ দেওয়ায় দেশ-বিদেশে সমালোচনা হচ্ছে।
শেখ হাসিনা কি দেশে ফিরছেন—এমন
প্রশ্নে বিএনপির সংসদ সদস্য ও প্রবীণ আইনজীবী ফজলুর রহমান বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক
শক্তির সহযোগিতা ছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার সম্ভাবনা
নেই।
যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আওয়ামী লীগ ছেড়ে আসা এই মুক্তিযোদ্ধা বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, সেটি এখন মূল বিষয় নয়। তবে জাতীয় ও আন্তর্জাতিক শক্তি তাকে সমর্থন করলে তিনি দেশে ফিরতে পারেন।
বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা
আসবেন কি আসবেন না, এটা ইমমেটেরিয়াল ব্যাপার। জাতীয় এবং আন্তর্জাতিক শক্তি যদি তাকে
ফেভার করে, সে আসতেও পারে। কিন্তু আজকের প্রেক্ষাপটে জাতীয়-আন্তর্জাতিক শক্তির সহযোগিতা
বা প্রকাশ্য সহযোগিতা ছাড়া শেখ হাসিনা এসে পড়বেন—আমার মনে হয় না।
শেখ হাসিনাকে ঘিরে জাতীয় ও আন্তর্জাতিক
পর্যায়ে কোনো সমঝোতা হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে,
বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে কোনো বৈঠক বা সমঝোতার মাধ্যমে রাজনৈতিক সমাধানের
চেষ্টা হতে পারে। তবে এমন কিছু হবে কি না, তা তিনি নিশ্চিত নন বলেও জানান।
ফজলুর রহমান বলেন, শুধু শেখ হাসিনা
দেশে ফিরলেই আওয়ামী লীগের রাজনীতি আগের অবস্থায় ফিরে যাবে—এমনটা ধরে নেওয়ার সুযোগ নেই।
তিনি প্রশ্ন তুলে বলেন, শেখ হাসিনার
সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা দেশে ফিরে জনগণের কাছে গিয়ে আবার ভোট চাইলে মানুষ
তাদের কীভাবে গ্রহণ করবে?

