হাদির স্মৃতিচারণে জাবেরের কান্না, কাঁদলেন দর্শকসারির যুবকও
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের প্যারেড ময়দানে তখন হাজারো মানুষের উপস্থিতি। মঞ্চে দাঁড়িয়ে কথা বলছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। হঠাৎ শরীফ ওসমান হাদির স্মৃতিচারণ করতে গিয়ে থেমে গেল তার কণ্ঠ। আবেগ ধরে রাখতে পারলেন না। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়লেন তিনি। শুধু মঞ্চেই নয়, সেই কান্নার রেশ ছড়িয়ে পড়ল দর্শকসারিতেও। সামনে বসে থাকা এক যুবকও অঝোরে কাঁদতে শুরু করেন। তার মুখে তখন একটাই আকুতি— ‘আমার ভাই মরে গেল আল্লাহ! আমাদের জন্যই রেখে দিল না কেন? তারে কেন নিয়ে গেল আল্লাহ?’
রোববার (৮ নভেম্বর) রাতে নগরের চকবাজার থানার প্যারেড ময়দানে ইনকিলাব মঞ্চ আয়োজিত ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠানে দেখা যায় এমন আবেগঘন দৃশ্য।
পরে জাবের ও ওই যুবকের কান্নার মুহূর্তের ২ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে অনেকের নজর কাড়ে দুই মানুষের আবেগঘন প্রতিক্রিয়া। তবে দর্শকসারিতে বসে কান্নায় ভেঙে পড়া যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন আব্দুল্লাহ আল জাবের। একপর্যায়ে শহীদ শরীফ ওসমান হাদির কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। কণ্ঠ ভারী হয়ে আসে। চোখের পানি ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন। তার সঙ্গে যেন একই আবেগে ভেসে যান মাঠে উপস্থিত আরেক যুবকও।
স্মৃতিচারণ করতে গিয়ে জাবের বলেন, ‘দেখেন হাদি ভাই, আপনি তো শুধু জাবেরকে নিয়ে এই লড়াইটা শুরু করেছিলেন। আজকে এখানে হাজার হাজার মানুষ আপনার ইনকিলাবের লড়াইয়ের হাল ধরে বসে আছে।’
ওসমান হাদির অসমাপ্ত সংগ্রাম এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা এই লড়াই চালিয়ে যাবেন। যে কারণে শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, সেই ঘটনার বিচার এবং তাদের ঘোষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না।
জাবেরের কণ্ঠে তখন দৃঢ়তার পাশাপাশি শোনা যায় আবেগের সুর। তিনি বলেন, ‘আমরা কাঁদব, আমরা হাসব, আমরা লড়াই করব; কিন্তু এই রাজপথ, এই জমিন ছাড়ব না।’
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ওসমান হাদির অসমাপ্ত লড়াই এগিয়ে নেওয়ার অঙ্গীকারও করেন ইনকিলাব মঞ্চের এই আহ্বায়ক।

