হু ইজ হাদি, নুরের বক্তব্যের প্রতিক্রিয়ায় মাদানি
হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে শিকল ভাঙার ডাক
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৪:১০ পিএম
প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও ইসলামী আলোচক রফিকুল ইসলাম মাদানি।
|
ফলো করুন |
|
|---|---|
শরীফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। জাতির জন্য হাদির অবদান কী, তা জানতে চেয়ে তিনি প্রশ্ন করেছেন, ‘হু ইজ হাদি?’ তার এ মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে নুরুল হক নুর বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে শরীফ ওসমান হাদিকে সমাহিত করা উচিত হয়নি। ভবিষ্যতে এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রীর এ বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী আলোচক রফিকুল ইসলাম মাদানি।
রোববার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তিনি।
এ সময় মাদানি বলেন, আসলে নুর ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক সেই ২০১৯-২০ সাল থেকে। বহুবার কথা হয়েছে, তার ব্যক্তিগত ফোন নম্বর আমার কাছে ছিল, এখনো আছে। এমনকি তার সঙ্গে মোদিবিরোধী আন্দোলনও করেছি।
অন্যদিকে, হাদি ভাইয়ের সঙ্গে আন্দোলনে দেখা হয়েছে, কথা হয়েছে; কিন্তু তার ব্যক্তিগত নম্বর আমার কাছে ছিল না, ব্যক্তিগত যোগাযোগও হয়নি!
মাদানি বলেন, দুজনের প্রসঙ্গ টানলাম কেন জানেন?
কারণ, ব্যক্তিগত সম্পর্কের চেয়ে আদর্শ, দেশের মানুষের প্রতি টান ও সত্যের পক্ষে থাকা আমার কাছে বড়!
তাই নুর ভাইয়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো হওয়া সত্ত্বেও, তার মাধ্যমে হাদি ভাইয়ের কবর নিয়ে সমালোচনা সহ্য করতে পারিনি। তীব্র প্রতিবাদ করেছি।
ইসলামী এ আলোচক বলেন, একজন দেশের পক্ষে, গণমানুষের পক্ষে কথা বলতে গিয়ে অল্প বয়সে জীবন দিয়েছেন। এমনকি আজ যিনি তার কবরের জায়গা নিয়ে প্রশ্ন তুলছেন, তার দুর্দিনেও সেই মানুষটি তার পক্ষে প্রতিবাদ করেছেন!
একজন গণমানুষের জন্য জীবন দিয়ে লক্ষ-কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
আরেকজনের বক্তব্যে আজ তাঁর নিজের রাজনৈতিক অবস্থান ও কৃতজ্ঞতাবোধ নিয়েই প্রশ্ন উঠছে!
মাদানি বলেন, নুরু ভাই, আপনি বলছেন—‘হু ইজ হাদি?’ আপনার প্রশ্নের উত্তর শুনুন!
হাদি এ জাতির ঘুমন্ত দেশপ্রেমিক তরুণদের জাগিয়ে তোলার হেমিলিওনের বাঁশিওয়ালা!
হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে শিকল ভাঙার ডাক!
হাদি কৃষক, শ্রমিক, আলেম-ওলামা ও দিনমজুরের চোখের নিচে জমে থাকা অশ্রু!
হাদি শত্রুর সঙ্গেও ইনসাফের গল্প বলা হার না-মানা তারুণ্যের প্রতীক!
হাদি নিরীহ মানুষের ওপর জুলুম দেখে বিদ্রোহে ফেটে পড়া, এলোমেলো চুল নিয়ে মিডিয়ার সামনে চিৎকার করতে থাকা এক মহাকাব্যিক কবি!
হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন দৃঢ়তা!
সর্বশেষ, হাদি লক্ষ-কোটি মানুষের হৃদয়ে থাকা ভালোবাসা!
প্রতিমন্ত্রীকে প্রশ্ন করে মাদানি বলেন, আর নুরু ভাই, আপনি?
আপনি আঘাত পেয়ে পেয়ে মানুষের ভালোবাসা পেয়ে উঁচুতে উঠে ক্ষমতার মোহে অন্ধ হয়ে আবোলতাবোল বলা এক ধিকৃত মানুষ!
যে মানুষটি আপনার জন্য আন্দোলন করেছেন, তার মৃত্যুর পর তার কবরের জায়গা নিয়ে প্রশ্ন তোলা—এক অকৃতজ্ঞ?
মাদানি বলেন, নুরু ভাই, আপনাকে একসময় মানুষ নেক্সট প্রধানমন্ত্রী হিসেবে ভাবত। অথচ আজ আপনার রাজনৈতিক অবস্থান নিয়ে আপনার দলের লোক বা মহব্বত করা মানুষগুলোও হতাশ!
মাদানি আরও বলেন, নুর ভাই, আপনাকে আর রাশেদকে ব্যবহার করা হচ্ছে এটা কি বোঝেন?
জনরোষের শিকার হতে হবে—এমন স্পর্শকাতর বিষয়গুলো বিএনপিতে ঘাপটি মেরে থাকা ‘র’-এর গুপ্তরা নিজেরা বলতে পারে না; জনরোষের ভয়ে আপনাদের দিয়ে বলায়!
ইসলামী এ আলোচক বলেন, আপনারাও টাকা আর ক্ষমতার লোভে সেসব কথা বলে যাচ্ছেন। নিজেদের বিরাট নেতা মনে করে পাঞ্জাবির হাতা টেনে টেনে ভাব নিয়ে হাঁটছেন!
ভাই, আপনাদের টাকা হচ্ছে, কিন্তু ক্যারিয়ার শেষ হওয়ার ঝুঁকিও বাড়ছে!
আবোলতাবোল বলা বন্ধ করেন!
মাদানি বলেন, মনে রাখবেন, ক্ষমতা সাময়িক, টাকা সাময়িক; কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হলে মানুষের জন্য কথা বলাটা চালিয়ে যেতে হয়, মানুষের জন্য রাজপথে দাঁড়ানো চালিয়ে যেতে হয়, প্রয়োজনে মানুষের জন্য জীবনও দিতে হয়। মানুষের জন্য দাঁড়িয়ে মাঝপথে মন্ত্রিত্বের জন্য পথ ভুলে গেলে হয় না!
এ ইসলামী বক্তা বলেন, হাদি ভাই সেই ভালোবাসা অর্জন করেছেন নিজের জীবন দিয়ে, আর আপনি সেই ভালোবাসা হারানোর ঝুঁকি নিচ্ছেন দুনিয়ার অর্থবিত্ত আর ক্ষমতার মোহে!
হাদি ভাই হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু মানুষের হৃদয়ে তিনি থাকবেন হাজার বছর। আর ক্ষমতার মোহে যারা মানুষের ভালোবাসা হারায়, তাদের জন্য ইতিহাস কখনো অপেক্ষা করে না!
মাদানি বলেন, ইতিহাস সাক্ষী থাকবে—কে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, আর কে ক্ষমতার মোহে মানুষের হৃদয় থেকে ছিটকে পড়েছে!


