বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে যে কারণে বিএনপিতে যোগ দিয়েছিলেন ড. ওসমান ফারুক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বব্যাংকের সিনিয়র স্টাফের চাকরি, ভালো বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। বিএনপিতে যোগ দেওয়ার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
তার নেতৃত্ব, ব্যক্তিত্ব ও দেশ পরিচালনার ধরন মুগ্ধ করেছিল ওসমান ফারুককে। খালেদা জিয়া তাকে বিএনপিতে যোগ দিতে উৎসাহিত করলেও কখনো মন্ত্রী বানানোর প্রতিশ্রুতি দেননি। এমনকি সরকারে যুক্ত হওয়ার পরও তার মন্ত্রণালয়ের কাজে কখনো হস্তক্ষেপ করেননি বলে জানিয়েছিলেন তিনি।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক গত নির্বাচনের আগে যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাজনীতিতে আসার পেছনের গল্প তুলে ধরেন।
মঙ্গলবার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ বিএনপি সরকারের সাবেক এই শিক্ষামন্ত্রী।
সাক্ষাৎকারে ওসমান ফারুক জানান, জেনারেল জিয়াউর রহমানের প্রতি তার আগে থেকেই গভীর শ্রদ্ধা ছিল। বিশ্বব্যাংকের কাজে ঢাকায় আসার সুবাদে জিয়ার সঙ্গে খুব বেশি দেখা-সাক্ষাৎ না হলেও তার সততা, প্রশাসনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে মেশার ধরন তাকে মুগ্ধ করেছিল। বিশেষ করে খাল খনন কর্মসূচিতে জিয়াউর রহমানের সরাসরি অংশগ্রহণকে তিনি অভিনব ও জনহিতকর উদ্যোগ হিসেবে দেখেছিলেন।
পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বাংলাদেশি শিক্ষার্থীদের একটি বড় সম্মেলন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। সম্মেলন আয়োজকদের ১০ সদস্যের কমিটিতে ছিলেন ওসমান ফারুক। সেখানে প্রতি বছর বাংলাদেশ থেকে একজন বিশিষ্ট ব্যক্তিকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর বিষয়ে আলোচনা হয়। তখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানোর প্রস্তাব দেন।
ওসমান ফারুক বলেন, একজন নারী হিসেবে খালেদা জিয়া যেভাবে বাংলাদেশ পরিচালনা করছেন, তা ছিল অনন্যসাধারণ। তার প্রস্তাবে কমিটির অন্য সদস্যরা জানতে চান, প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন কীভাবে। তখন তিনি জানান, প্রতি মাসেই বাংলাদেশে যাতায়াত করেন। তাই যোগাযোগের দায়িত্ব তিনি নিতে পারবেন।
পরে ঢাকায় এসে খালেদা জিয়ার সঙ্গে যোগাযোগ করেন তিনি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠেয় ওই সম্মেলনে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ জানালে খালেদা জিয়া তাতে সম্মতি দেন। সম্মেলনে যোগ দিয়ে তিনি বক্তব্যও দেন।
ওসমান ফারুকের ভাষ্য, ওই সম্মেলনে খালেদা জিয়ার অংশগ্রহণ বাংলাদেশের জন্য অনেক সম্মান বয়ে এনেছিল। কারণ, তখন আমেরিকানরা চিন্তাও করতে পারতেন না যে বাংলাদেশে একজন নারী প্রধানমন্ত্রী হতে পারেন। খালেদা জিয়া লস অ্যাঞ্জেলেসের পাশাপাশি সান ফ্রান্সিসকোও সফর করেছিলেন।
এরপর খালেদা জিয়ার সঙ্গে তার পরিচয় আরও গভীর হয়। ঢাকায় এলে তিনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সালাম দিতেন। একপর্যায়ে তার মনে হয়, খালেদা জিয়া হয়তো তাকে ঢাকায় এসে সরকারের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহী। সেই সূত্রেই বিশ্বব্যাংকের চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।
চাকরি ছাড়ার সিদ্ধান্তের বিষয়ে ওসমান ফারুক বলেন, তাকে তিন বছরের ছুটি নিয়ে দেশে আসার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা গ্রহণ করেননি। তার ভাষায়, ‘আমি কখনো দুই নৌকায় পা দিই না। যদি আসি, চাকরি ছেড়েই আসব।’ তখন বিশ্বব্যাংকে তিনি সিনিয়র স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। ভালো বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও চাকরি থেকে পদত্যাগ করে দেশে ফিরে রাজনীতিতে যোগ দেন।
ওসমান ফারুক জানান, বেগম খালেদা জিয়া তাকে বিএনপিতে যোগ দিতে উৎসাহিত করেছিলেন। তবে কখনো মন্ত্রী বানানোর বা কোনো পদ দেওয়ার প্রতিশ্রুতি দেননি। তিনি খালেদা জিয়াকে অত্যন্ত গম্ভীর স্বভাবের মানুষ হিসেবে বর্ণনা করেন।
রাজনীতিতে যোগ দেওয়ার পর ২০০১ সালের নির্বাচনে অংশ নেন ওসমান ফারুক।
রাজনীতিতে আসার সিদ্ধান্তকে জীবনের সবচেয়ে আনন্দময় অধ্যায়গুলোর একটি বলে মনে করেন সাবেক এই শিক্ষামন্ত্রী। তার মতে, বিশ্বব্যাংকের চাকরি কিংবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার তুলনায় মন্ত্রিত্ব এমন একটি দায়িত্ব, যেখানে ইচ্ছা করলে মানুষের জন্য অনেক ভালো কাজ করার সুযোগ রয়েছে।
খালেদা জিয়ার নেতৃত্বের মূল্যায়ন করতে গিয়ে ওসমান ফারুক বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তিনি ছিলেন অনন্যসাধারণ। অন্তত তার নিজের মন্ত্রণালয়ের কাজে খালেদা জিয়া কখনো হস্তক্ষেপ করেননি। কোনো বিষয়ে নির্দিষ্ট নির্দেশনা দিয়ে কাজ করতে বলতেন না। অন্যদের ক্ষেত্রে কী করেছেন, তা জানেন না উল্লেখ করে তিনি বলেন, নিজের মন্ত্রণালয়ের বিষয়ে এটি একেবারেই ধ্রুব সত্য।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতা ও চিকিৎসার কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। মঙ্গলবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি জানান এবং কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করেন।
