কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
শারীরিক অসুস্থতার কারণে জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কাছে দেওয়া চিঠিতে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন থাকায় নিজের স্বাস্থ্য ও সুস্থতা পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চান তিনি।
পদত্যাগপত্রে ওসমান ফারুক উল্লেখ করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১৪ নভেম্বর ২০২৬ থেকে পদত্যাগ কার্যকর করার অনুরোধ জানিয়েছেন তিনি।
চিঠিতে তিনি লেখেন, সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া তার জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক। কিশোরগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব করা এবং তাদের সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের বড় সম্মান ও গৌরবের বিষয়।
দায়িত্ব পালনকালে স্পিকারের আন্তরিক সৌজন্য, সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ওসমান ফারুক। একই সঙ্গে সংসদের সহকর্মী এবং কিশোরগঞ্জের মানুষের প্রতি শুভেচ্ছা জানান তিনি।

