‘শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে গেছে রাজনৈতিক আশ্রয়ের জায়গা’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:২০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এখন শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেয়ে রাজনৈতিক একটা আশ্রয়ের জায়গা, একোমোডেশনের জায়গা।
বুধবার সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনের আলোচনায় জামায়াত আমির আরও বলেন, শিক্ষা নিয়ে আমরা বিভিন্ন সমস্যায় আছি। প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়। কোনো শৃঙ্খলা এবং সিস্টেম ফাংশন করছে না।
তিনি বলেন, আমার ক্ষুদ্র শিক্ষা জীবনে মাত্র ১৫ দিন সুযোগ পেয়েছি প্রাইভেট পড়ার। ১৫দিনের মাথায় আমার শিক্ষক আমাকে নোটিশ দিলেন আগামীকাল থেকে তুমি আর আইসো না। আমি ভয় পেয়ে গেলাম। পরদিন সকালে ওনার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম- স্যার আমি কোনো বেয়াদবি করেছি-উনি বললেন কেন! আমি বললাম- স্যার আপনি না বলেছেন-আগামীকাল থেকে আমি যেন আপনার কাছে পড়তে না আসি।
তিনি বলেছেন-তোমার পরীক্ষা সামনে, মাত্র আড়াই মাস সময় বাকি। আমি ১৫ দিনে ফলো করলাম তোমার এটেনশনের পুরো অংশ একদিকে চলে আসছে-বাকি সাবজেক্টগুলো এই একটা সাবজেক্টের কারণে ক্ষতিগ্রস্ত হোক আমি এটা চাই না। তোমার কোনো সমস্যা হলে আমার কাছে যে কোনো সময় চলে এসো। আমি তোমাকে সময় দেব।
এই নোটিশটি আমি আমার মা-বাবাকে প্রথমে জানাইনি। পরে মাকে জানানো পর তিনি বলেছেন-নিশ্চইয় তোমার স্যার তোমাকে বেশি ভালোবাসে বলেই এমনটি বলেছে। মা সামর্থ অনুসারে কিছু উপহার আমার হাতে দিয়ে বললেন-এটা ভালো করে র্যাপিং করে তোমার স্যারকে উপহার দিয়ো। আমি নিয়ে গেলাম-স্যার আমার মাথায়-পিঠে হাত দিয়ে বললেন-টাকাই যদি আমার দরকার হতো তাহলে তোমাকে ১৫ দিনের মাথায় বিদায় দিলাম কেন। আমিতো টাকার জন্য পড়াই না। তোমাদেরকে সন্তান মনে করে- মানুষ বানানো জন্য পড়াই।
জামায়াত আমির আরও বলেন, আজকে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি, সবার কথা বলব না। অনেক শিক্ষক শর্ট সাজেশন ছাত্রদের হাতে তুলে দিয়ে ওয়াদা করান, এটা অন্য কাউকে দিবে না। আজকে সরকারি অনেক প্রতিষ্ঠানে ক্লাস হয় না। ক্লাস হয় স্যারের বাসায়। এবং স্কুল টাইমেই স্যারের বাসায় ক্লাস হয়। আমাদের শিক্ষা গিয়ে কোথায় দাঁড়িয়েছে! এখান থেকে বের হয়ে আসতে হবে। এগুলো সমাধান কী?
এগুলোর সমাধান হতে পারত। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে যে কমিটিগুলো আছে, সেখানে যদি ঐ যোগ্যতা সম্পন্ন লোকগুলো কমিটির সদস্য হতেন তাহলে। যারা শিক্ষাকে আবেগ সম্মানের সাথে ধারণ করেন। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান ফাংশনিং হবে। না হয় হবে না।
তিনি বলেন, আমি গভীর দুঃখের সাথে বলছি-আমি দেশের ৩০০ আসনের মাত্র একটা আসন থেকে নির্বাচন করে আল্লাহর মেহেরবানিতে সংসদে এসেছি। আমার আসনে বাংলাদেশের একটা শ্রেষ্ঠ হাই স্কুল ছিল- মনিপুর উচ্চ বিদ্যালয়। সারা বাংলাদেশে রেজাল্টের দিক থেকে প্রথম হয়েছে কয়েকবার। সেই উচ্চবিদ্যালয়ের এখন কোনো কোয়ালিটি নেই।
