Logo
Logo
×

Advertisement

রাজনীতি

এনসিপি থেকে পদত্যাগ করলেন সুলতান মোহাম্মদ জাকারিয়া

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম

এনসিপি থেকে পদত্যাগ করলেন সুলতান মোহাম্মদ জাকারিয়া

Advertisement

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া। শুধু দলীয় পদ নয়, দলের সঙ্গে থাকা সব ধরনের দায়িত্ব ও সম্পৃক্ততা থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। পদত্যাগের ঘোষণা দিয়ে দেওয়া এক বিবৃতিতে এনসিপির দুই নেতা হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন জাকারিয়া। একই সঙ্গে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগের প্রতিকার না করারও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে পদত্যাগের সিদ্ধান্ত জানান সুলতান মোহাম্মদ জাকারিয়া। এতে তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদসহ দলের সব দায়িত্ব ও সংশ্লিষ্টতা থেকে সরে দাঁড়াচ্ছেন।

বিবৃতিতে নিজের রাজনৈতিক পথচলার কথা তুলে ধরে জাকারিয়া বলেন, তিনি সরাসরি রাজনীতির মানুষ ছিলেন না। তবে জুলাইয়ের আগে বাংলাদেশের কঠিন সময়ে দেশের পক্ষে কাজ করেছেন। জুলাই-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় গণতান্ত্রিক রাজনীতিতে তরুণদের সংগঠিত করতে সহায়তার লক্ষ্য নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলেন।

দলটির প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক, আন্তর্জাতিক সম্পাদক, নির্বাহী পরিষদের সদস্য এবং বিভিন্ন সেল ও উইংয়ের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া নোয়াখালী-২ আসনে এনসিপির প্রার্থী হিসেবেও কাজ করেছেন। দলের ২৪ দফার রাজনৈতিক ম্যানিফেস্টোসহ বিভিন্ন সাংগঠনিক দলিল তৈরিতে ভূমিকা রাখার চেষ্টা করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করেন।

জাকারিয়ার অভিযোগ, শুরু থেকেই দলের অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে দলীয় ফোরাম এবং নেতৃত্বকে বিভিন্ন পরামর্শ দিয়ে আসছিলেন। তবে দলের প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার প্রচেষ্টা প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি। তারপরও তরুণ নেতৃত্ব সময়ের সঙ্গে অভিজ্ঞতা অর্জন করবে— এমন আশায় ধৈর্য ধরেছিলেন তিনি।

পদত্যাগের অন্যতম কারণ হিসেবে নোয়াখালীতে দলীয় কর্মসূচি ঘিরে অপমান ও হেনস্তার অভিযোগ তুলেছেন এই নেতা। তাঁর দাবি, চলতি বছরের জুলাইয়ে নোয়াখালীতে এনসিপির একটি কর্মসূচি চলাকালে দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক হান্নান মাসউদের অনুসারীরা বিনা উসকানিতে তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন এবং অপমান-অপদস্থ করেন।

জাকারিয়ার অভিযোগ, নোয়াখালীর রাজনীতিতে প্রচলিত গ্রুপিং, মাস্তানি, টেন্ডারবাজি ও দুর্বৃত্তপনার রাজনীতির পথে তার উপস্থিতি সংশ্লিষ্টদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এ কারণে দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হেনস্তা করা হয়েছে। বিষয়টি তিনি একাধিকবার দলের শীর্ষ নেতৃত্বকেও জানিয়েছিলেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিযোগিতাকে একপর্যায়ে ব্যক্তিগত আক্রমণ, গালাগালি ও হুমকির পর্যায়ে নিয়ে যাওয়া হয়। এসব ঘটনার প্রতিকার চেয়ে নিয়ম মেনে দলের শৃঙ্খলা কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন তিনি। পাশাপাশি দলের আহ্বায়কসহ দায়িত্বশীল নেতাদের একাধিকবার বিষয়টি অবহিত করেন।

কিন্তু প্রায় পাঁচ মাস অপেক্ষা এবং বারবার তাগাদা দেওয়ার পরও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেছেন জাকারিয়া। উল্টো অভিযোগের নিষ্পত্তি হওয়ার আগেই অভিযুক্তদের কয়েকজনকে দলের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ পরিস্থিতিতে তার সামনে দুটি পথ খোলা ছিল বলে বিবৃতিতে জানান জাকারিয়া। একটি হলো হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনদের সঙ্গে পাল্লা দিয়ে প্রচলিত অসৎ রাজনীতিতে জড়িয়ে পড়া, অন্যটি সম্মানের সঙ্গে দল ছেড়ে চলে যাওয়া। তিনি দ্বিতীয় পথটিই বেছে নিয়েছেন।

নিজের আত্মমর্যাদার প্রসঙ্গ তুলে জাকারিয়া বলেন, ব্যক্তিজীবনে তিনি সব সময় সম্মান ও মর্যাদা নিয়ে চলেছেন। আত্মমর্যাদা ও জবাবদিহির প্রশ্নে আপস করে বিশেষ কোনো অর্জন তার কাম্য নয়।

তবে পদত্যাগ করলেও এনসিপির প্রতি শুভকামনা জানিয়েছেন তিনি। দলটিকে নিজের জাতীয় রাজনীতির প্রথম দল এবং প্রথম প্রেমের মতো উল্লেখ করে জাকারিয়া বলেন, এই ইতিহাস তিনি কখনো অস্বীকার করবেন না।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন ও মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে প্রতিভাবান ও সম্ভাবনাময় রাজনীতিক হিসেবে অভিহিত করে তাদের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানান তিনি। দলের অনেক সহকর্মীর মধ্যে বাংলাদেশের প্রতি অকৃত্রিম অঙ্গীকার ও আত্মত্যাগের প্রস্তুতি দেখেছেন বলেও উল্লেখ করেন।

একই সঙ্গে এনসিপিকে নিজেদের পরিশুদ্ধ রাখার এবং জবাবদিহির প্রশ্নে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান জাকারিয়া। তার আশঙ্কা, দল বড় হওয়ার সঙ্গে সঙ্গে হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনের মতো রাজনৈতিক চরিত্রের মানুষের সংখ্যা বাড়তে পারে।

পদত্যাগের পর নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া। তিনি জানান, এখনো তার পরবর্তী কোনো রাজনৈতিক গন্তব্য ঠিক হয়নি। তবে বাংলাদেশের স্বার্থে অতীতের মতো ভবিষ্যতেও দলীয় পরিচয়ের বাইরে থেকে কাজ করে যাওয়ার ইচ্ছা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে দুপুরে মোটরসাইকেল র‍্যালি করবে এনসিপি

আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে দুপুরে মোটরসাইকেল র‍্যালি করবে এনসিপি

আ.লীগ ও ভারত ইস্যুতে রূপরেখা চান নাহিদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করে সন্তুষ্ট এনসিপি আ.লীগ ও ভারত ইস্যুতে রূপরেখা চান নাহিদ

রাজধানীতে কর্মসূচি ঘোষণা করল এনসিপি

রাজধানীতে কর্মসূচি ঘোষণা করল এনসিপি

ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে: পাটওয়ারী

ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে: পাটওয়ারী

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির রুদ্ধদ্বার বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির রুদ্ধদ্বার বৈঠক

গোদাগাড়ী এনসিপির আহ্বায়ক গ্রেফতার

গোদাগাড়ী এনসিপির আহ্বায়ক গ্রেফতার

আরও পড়ুন

এনসিপি থেকে পদত্যাগ করলেন সুলতান মোহাম্মদ জাকারিয়া

এনসিপি থেকে পদত্যাগ করলেন সুলতান মোহাম্মদ জাকারিয়া

হাসিনার দেশে ফেরার ঘোষণায় আ. লীগের রাজনীতিই কঠিন হলো: শফিকুল

হাসিনার দেশে ফেরার ঘোষণায় আ. লীগের রাজনীতিই কঠিন হলো: শফিকুল

দেশছাড়ার সময় বিমানবন্দরে গ্রেফতার যুবলীগ নেতা

দেশছাড়ার সময় বিমানবন্দরে গ্রেফতার যুবলীগ নেতা

কেন রাষ্ট্রীয় বিমানে ফিরতে চান হাসিনা?

কেন রাষ্ট্রীয় বিমানে ফিরতে চান হাসিনা?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম