কীভাবে তিনি রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন: রিজভী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম
রুহুল কবির রিজভী।
|
ফলো করুন |
|
|---|---|
চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে দেশে ফিরতে চান। তিনি রাষ্ট্রীয় বিমানে ফিরতে চান বলে তার মুখপাত্র রয়টার্সকে জানিয়েছে। এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বাংলাদেশের আদালতে দণ্ডিত হওয়ার পরও তিনি কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন? আইনের প্রতি শ্রদ্ধা থাকলে তার উচিত ছিল আইনের কাছে আত্মসমর্পণ করা এবং আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজের বক্তব্য তুলে ধরা।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এসব কথা বলেন তিনি।
পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতার বৈঠক নিয়ে রিজভী বলেন, পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা ইমিগ্রেশন কর্মকর্তার সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেছেন কীভাবে? এখানে কি দিল্লির ইন্ধন ছিল না? কোথাও একটা ভয়ংকর নীলনকশা চলছে। যারা জনগণকে হত্যা করতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সংগত।
বাংলার মাটি অত্যাচার সহ্য করে না, কোনো স্বৈরশাসককে আশ্রয় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, দেশের বাইরে থেকে বিকাশে টাকা পাঠিয়ে টোকাই আর কিশোর গ্যাংদের আগুন দিতে বলা হচ্ছে। বিএনপির তিনজন খুন হয়েছেন। এ দায় পলাতক আওয়ামী লীগ নেতাদের। যারা জনগণকে হত্যা করতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সংগত।
তিনি হুশিয়ার করে আরও বলেন, বাংলাদেশের মানুষ যেমন শান্ত, তেমনি পদ্মার ঢেউয়ের মতো প্রবলও হতে পারে। কেউ যদি আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত হানে, তার জবাব দেওয়া হবে। কেউ স্বাধীনতা-সার্বভৌমত্ব ছিনিয়ে নিতে পারবে না। স্বাধীনতা-সার্বভৌমত্ব বিক্রি করার প্রতীক হাসিনা বলেও মন্তব্য করেন তিনি।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি ইশরাক হোসেন এমপি।

