একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত: বিএনপি নেতা বকুল
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১২:৫৮ এএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, দেশে এখন পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে, ঠিকমতো কাজ করতে পারছে না। এ সুযোগে আমাদের বীর সন্তান তরুণ প্রজন্ম যে যুদ্ধ করে জয়লাভ করেছে, এই জয়লাভকে নস্যাৎ করার জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বিভিন্নভাবে রাতের বেলা আতঙ্ক ছড়াচ্ছে। নানা ঘটনা ঘটাচ্ছেন যাতে এই বিষয়টা জনগণ ভোগ করতে না পারে। তাদের অন্য কোন বদ এবং অসৎ উদ্দেশ্য আছে।
তিনি জনগণের উদ্দেশে বলেন, যদি ঐক্যবদ্ধ থাকি যতই সন্ত্রাসী গোষ্ঠী , চাঁদাবাজ, দুর্নীতিবাজ আসুক না কেন কোনোভাবেই আমাদের পরাস্ত করতে পারবে না।
শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতাকে দেখতে ও তাদের চিকিৎসার খোঁজখবর নিতে রাজধানীর শ্যামলীতে পঙ্গু হাসপাতালে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময়, তার সঙ্গে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ কেন্দ্রীয় ও অন্যান্য ইউনিটের নেতারা।
রকিবুল ইসলাম বকুল বলেন, সরকারের মধ্যে যারা দুর্নীতিবাজ থাকে তাদের তো আসলে কোন পরিচয় থাকে না। তারা সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও নাশকতাকারী। তারা সব সময় কোনো সেল্টার খোঁজে। কোনো না কোনো রঙে তারা চলে যায়। আমাদের দল থেকে স্টেটমেন্ট দিয়েছি কোন লোক যেন দলে ঢুকতে না পারে সজাগ দৃষ্টি রাখার জন্য।
তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান তার বক্তব্যে বলেছেন- যেই হোক সে দলের লোক হোক বা দলের বাইরের লোক হোক এই মুহূর্তে যেই অন্যায় করবে তার বিরুদ্ধে দল এবং প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নেবে।
রকিবুল ইসলাম বকুল বলেন, এখানে চিকিৎসাধীন অনেকেই বলেছে, তারা সর্বোচ্চ চিকিৎসাটা পাচ্ছেন না, তারা হতাশ। একজন অভিভাবক জানিয়েছেন, পুষ্টিকর খাবারের দরকার। কারণ অনেকের মাংস পেশি পচে গেছে। সবাইকে বলব, এদিকে যেন সবাই দৃষ্টি দেন, সর্বোচ্চ চিকিৎসাটা দেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের এখানে পাঠিয়েছেন। তিনি এরই মধ্যে অনেককে সহযোগিতা করেছেন। এখান থেকে গিয়ে আমরা তাকে বিস্তারিত জানাব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো সহযোগিতা করবেন। আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব আমরা করব। কিন্তু তাদের পুনর্বাসন করতে হলে সরকারকে করতে হবে।
নেতারা হাসপাতালে রোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। বিএনপি যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে আছে এবং থাকবে বলে জানান তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মাদ ইয়াহিয়া এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম।
