দিল্লি থেকে যেভাবে এনসিপির সমাবেশে হামলার ছক কষেন খুনি হাসিনা
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৭:২৭ পিএম
শেখ হাসিনা। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গত ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে। ইতোমধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।
মাসব্যাপী এ কর্মসূচির অংশ হিসাবে গোপালগঞ্জে বুধবার তাদের সমাবেশ ছিল। এ কর্মসূচিকে ঘিরে শুরু থেকেই চলে নানা অপপ্রচার। বিশেষ করে এনসিপির নেতাকর্মীরা দলবল নিয়ে টুঙ্গিপাড়ায় গিয়ে শেখ মুজিবুর রহমানের কবর ভাঙচুর করবেন-এমন একটি অপপ্রচার মঙ্গলবার দুপুরের পর থেকেই ছড়িয়ে দেওয়া হয়।
যুগান্তরের হাতে থাকা এমন একটি অডিও বার্তায় শোনা যায়, শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে বলেন, ‘ওরা (এনসিপি) নাকি গোপালগঞ্জে যাচ্ছে। টুঙ্গিপাড়ায় আমার বাবার কবর ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে। এর আগে ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। এবার টুঙ্গিপাড়ায় হামলা চালাবে। তোমরা বসে আছ কেন? যে যেভাবে পার প্রতিহত কর। গোপালগঞ্জে কোনোভাবেই যাতে ওরা ঢুকতে না পারে। কোনো ধরনের কর্মসূচি যাতে করতে না পারে। মনে রাখবা, গোপালগঞ্জের মাটি থেকে ওদের কেউ যাতে অক্ষত অবস্থায় ফিরে যেতে না পারে।’
আরেকটি অডিও বার্তায় শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও শহরের বেদ গ্রামের বাসিন্দা নিউটন মোল্লাকে বলেন, ‘তোমরা ওখানে (গোপালগঞ্জে) বসে কী কর। ওরা (এনসিপি) বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো করার চেষ্টা করছে। পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও ফরিদপুরসহ আশপাশের জেলা-উপজেলা থেকে লোকজন একত্রিত করে গোপালগঞ্জে ঢুকবে। এরপর টুঙ্গিপাড়ায় যাবে। যেভাবে পার ওদের প্রতিহত করতে হবে। টুঙ্গিপাড়ায় যাতে কোনোভাবেই ওরা ঢুকতে না পারে। আর যদি টুঙ্গিপাড়ায় ঢুকেই পড়ে, তাহলে একজনও যাতে জীবিত অবস্থায় ওখান থেকে ফিরে যেতে না পারে, সে ব্যবস্থা নিতে হবে।’
একইভাবে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা কারাগারে হামলা চালানো হয়।
স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, নিউটন মোল্লার প্রধান টার্গেট ছিল কারাগারের প্রধান ফটক ভেঙে সেখানে আটক থাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজমসহ দলের নেতাকর্মীদের বের করে আনা। যদিও পুলিশ এবং সেনাবাহিনীর শক্ত অবস্থানের কারণে তার এ অপচেষ্টা সফল হয়নি। এছাড়া গোপালগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার নেতৃত্বে ওইদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা চালানো হয়।
এ সময় নেতাকর্মীদের সমন্বয় করেন কলকাতায় থাকা শেখ হাসিনার ফুপাতভাই গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ-সদস্য ও দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, লন্ডনে বসে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ-সদস্য আব্দুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ-সদস্য ইকবাল হোসেন অপু এবং গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম কাজল। তাদের বাইরে গোপালগঞ্জসহ আশপাশের জেলা-উপজেলায় আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। কলকাতায় আত্মগোপনে থেকেই ফেসবুকে লাইভে এসে তিনি মাঠের কর্মীদের এনসিপির কর্মসূচিতে হামলা করতে নির্দেশনা দেন।




