১৫ বছরে সবচেয়ে কম পাশের হার চট্টগ্রাম বোর্ডে
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশের হার দেখল চট্টগ্রাম শিক্ষা বোর্ড। পাশের হার কমে দাঁড়িয়েছে ৫২ দশমিক ৭ শতাংশে। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন।
গত বছর পাশের হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ। একই সময়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩ হাজার ২০১ জন।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সচিব মোহাম্মদ জহিরুল হক।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম ছাড়া কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এবার মোট পরীক্ষার্থী ছিলেন ৯৯ হাজার ৮৭৮ জন। তাদের মধ্যে পাশ করেছেন ৫০ হাজার ১৬৬ জন। ছাত্রদের পাশের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৫৩ দশমিক ৪৯ শতাংশ।
দেশে উচ্চমাধ্যমিক পর্যায়ে সৃজনশীল পদ্ধতি চালু হয় ২০১২ সালে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গত ১৫ বছরের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ২০১২ সালে পাশের হার ছিল ৭২ দশমিক ২৯ শতাংশ। এরপর ২০২০ সালে শতভাগ পরীক্ষার্থী পাশ করেন। করোনাকালে বিশেষ মূল্যায়ন পদ্ধতিতে ওই বছরের ফলাফল প্রকাশ করা হয়েছিল।
২০২১ সালে পাশের হার ছিল ৮৯ দশমিক ৪ শতাংশ। পরবর্তী বছরগুলোতে পাশের হার ধারাবাহিকভাবে কমেছে। ২০২২ সালে ৭৮ দশমিক ৮, ২০২৩ সালে ৭৪, ২০২৪ সালে ৭০ দশমিক ৪ এবং ২০২৫ সালে ৫২ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী পাশ করেন। এবার তা আরও কমে ৫২ দশমিক ০৭ শতাংশে নেমেছে।
গত ২ জুলাই থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে দেশে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে বেশকিছু সংখ্যক পরীক্ষার্থী এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
মোবাইল ফোন থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: HSC Space রোল Space পরীক্ষার বছর লিখে মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
