ফেসবুক পোস্টে দাবি
দেশের বাইরে সম্পদ দেখাতে পারলে রাজনীতি ছাড়বেন আসিফ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের বাইরে কোথাও তার এক টাকাও পাওয়া গেলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন আসিফ।
সম্প্রতি তার বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে তিনি বলেন, ‘এখানে যেই কথা বলা আছে যে ৪ দেশে ১১ হাজার কোটি টাকা—এক টাকাও যদি দেশের বাইরে কোথাও পাওয়া যায়, আমি ওইদিনই রাজনীতি ছেড়ে দেব। আপনারা জাস্ট প্রমাণ করে দেখান যে এক টাকা আসিফ মাহমুদ দেশের বাইরে কোথাও বিনিয়োগ করেছে বা একটা ধূলিকণা দেশের বাইরে সে কিনেছে।’
তিনি লিখেছেন, ‘দেশের বাইরে পলিটিশিয়ান, ব্যবসায়ীদের সম্পত্তি অনেক অনুসন্ধানী সাংবাদিক-সরকার এর আগে বের করেছে। সরকারের এ ক্যাপাসিটি আছে। এটা কোনো রকেট সায়েন্স না।’
দুদককে উদ্দেশ্য করে এনসিপির মুখপাত্র লিখেন, ‘রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হলে আপনারা এআই দিয়ে বানানো ভুঁইফোঁড় আজকের কণ্ঠের ৭ মাস আগের ফেসবুক পোস্ট কপি পেস্ট করে অনুসন্ধান করতে পারেন?’
আসিফ মাহমুদ লিখেছেন, ‘৬ মাসেই বিরোধীদলকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে, দেশ পরিচালনায় চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়ে, আপনাদের সন্তানদের প্রকাশ্য দুর্নীতি থেকে চোখ সরাতে নাটক শুরু করেছেন?’
এর আগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারসহ দুর্নীতির একাধিক অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব অভিযোগ আগে থেকে চলমান একটি অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে খতিয়ে দেখার কথা জানিয়েছে সংস্থাটি।

