২৭ বছর পর মিল্টন খন্দকারের কথা ও সুরে গান গাইলেন আঁখি
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর দীর্ঘ ২৭ বছর আগে গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের লেখা একটি গানে প্লেব্যাক করেছিলেন। সেই সময় ‘আসামি বধূ’ সিনেমার ‘এত ছোট জনম নিয়া জগতে আসিয়া’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেন এ গায়িকা। সেই গানটির সুর করেছিলেন প্রয়াত সংগীত পরিচালক আলম খান।
আবারও দীর্ঘ অপেক্ষার পর তারা দুজনে একসঙ্গে গান করলেন। এই গান দিয়ে প্রথমবারের মতো মিল্টন খন্দকারের লেখা ও সুরে মৌলিক গানে কণ্ঠ দিলেন আঁখি আলমগীর। এ গানের শিরোনাম ‘জোড়া শালিক’। বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘বৈঠকখানা’র জন্য তৈরি করা হয়েছে এ গানটি।
সম্প্রতি অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নেন মিল্টন খন্দকার ও আঁখি আলমগীর। সেখানেই রেকর্ড করা হয় এ গানটির অংশ বিশেষ। এ গানের খবর জানিয়ে মিল্টন খন্দকার সামাজিক মাধ্যম ফেসবুকে অনুষ্ঠানের সেট থেকে একটি ছবি শেয়ার করে নেন।
ক্যাপশনে এ সুরকার লিখেছেন— এতদিন আঁখিকে দেখলেই বলতাম— তোমার সঙ্গে গানের কাজ করাটাই বাকি! এখন আর বলতে পারব না। আঁখি আমার কথা ও সুরে একটি গান গেয়েছে। যে মুহূর্তে আঁখি ভয়েস দিল, আমার মরা গানের দেহে প্রাণ ফিরে এলো। মনে হলো— আমি একটি অসাধারণ গান করেছি।
এ বিষয়ে গায়িকা আঁখি আলমগীর বলেন, মিল্টন খন্দকার ভাইয়ের লেখা ও সুরে বিটিভির বৈঠকখানা অনুষ্ঠানে গান গাইলাম। এটি মোটেও কোনো মরা গান নয়, বরং ভীষণ তরতাজা একটি গান। গাইতে পেরে আমি ভীষণ আনন্দিত।

