বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের ফাইনালে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। এই ম্যাচে নির্ধারিত হবে কার হাতে উঠবে শিরোপা।
শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ফাইনাল।
লিগ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ছিল রাজশাহী ও চট্টগ্রাম। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে প্লে-অফে ওঠে রাজশাহী। সমান সংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফের টিকিট পায় চট্টগ্রাম।
প্লে-অফের প্রথম কোয়ালিফাইয়ারে মুখোমুখি হয় রাজশাহী ও চট্টগ্রাম। চট্টগ্রাম ৬ উইকেটের জয় নিয়ে ফাইনালে নাম লেখায়। রাজশাহী প্রথম কোয়ালিফাইয়ারে হেরে গেলেও দ্বিতীয় কোয়ালিফাইয়ারে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।
লিগ পর্বে দু’বার মুখোমুখি হওয়ার সময় প্রথম ম্যাচে ২ উইকেটের জয় পায় চট্টগ্রাম, আর ফিরতি লেগে ৩ উইকেটের জয় পায় রাজশাহী। মোট তিনবারের মুখোমুখি সাক্ষাতে চট্টগ্রামের জয় হয়েছে দুইবার। তাই ফাইনালে চট্টগ্রাম কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে।
বিপিএলের ফাইনাল মোবাইলে সরাসরি দেখার সুযোগ রয়েছে। ট্যাপম্যাড ওয়েবসাইটে সাবস্ক্রিপশন নিয়ে ফাইনাল উপভোগ করা যাবে। এছাড়া টি-স্পোর্টস ও নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে খেলা।

