আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সংখ্যক সেঞ্চুরি করেছেন যারা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম
গ্লেন ম্যাক্সওয়েল ও রোহিত শর্মা। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটারদের জন্য সেঞ্চুরি হাঁকানো বড় অর্জন। সংক্ষিপ্ত এই ফরম্যাটে দ্রুত রান তোলার চ্যালেঞ্জের মধ্যেও ব্যাট হাতে ধারাবাহিকতা দেখিয়ে নিজেদের আলাদা উচ্চতায় নিয়ে গেছেন একাধিক তারকা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড যৌথভাবে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মার দখলে। দুজনেরই শতকের সংখ্যা পাঁচটি করে।
রোহিত শর্মা ২০০৭ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে ১৫৯ ম্যাচে পাঁচটি সেঞ্চুরি করেছেন। ২০২৪ সালের জানুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে ১২১ রানের অপরাজিত ইনিংস খেলে পঞ্চম শতকের দেখা পান তিনি। একই বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন ভারতীয় এই ওপেনার।
অন্যদিকে, ২০১২ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া গ্লেন ম্যাক্সওয়েলও পাঁচটি সেঞ্চুরি করে রোহিতের রেকর্ডে ভাগ বসান। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৫৫ বলে অপরাজিত ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলে পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করেন অস্ট্রেলিয়ার এই মারকুটে ব্যাটার।
এই তালিকায় পরের অবস্থানে রয়েছেন একসঙ্গে চার ক্রিকেটার, যার মধ্যে দুইজনই ভারতীয়। ভারতের দুইজন হলে অভিষেক শর্মা ও সূর্যকুমার যাদব। বাকি দুইজন হলেন ইংল্যান্ডের ফিল সল্ট ও অস্ট্রিয়ার কারানবির সিং। তাদের প্রত্যেকের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি রয়েছে চারটি করে।
এদিকে পাকিস্তানের বাবর আজম, নিউজিল্যান্ডের কলিন মুনরো এবং সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ ওয়াসিমের রয়েছে তিনটি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি।
এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচটি করে সেঞ্চুরি নিয়ে শীর্ষে রয়েছেন ম্যাক্সওয়েল ও রোহিত। তবে তারা অবসর নেওয়ায় তাদের রেকর্ড ছোঁয়া কিংবা ছাড়িয়ে যাওয়ার সুযোগ এখনো রয়েছে বর্তমান প্রজন্মের অন্য ব্যাটারদের সামনে।

