Logo
Logo
×
   

খেলা

সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল: মিশা সওদাগর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ পিএম

সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল: মিশা সওদাগর

ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর প্রায় আট শতাধিক সিনেমায় অভিনয় করে সিনেমাপ্রেমী দর্শকদের মনে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। বর্তমানে এ অভিনেতা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। অভিনয়ের পাশাপাশি সময়ের ট্রেন্ড অনুসরণ করে শোরুম উদ্বোধনেও অংশ নিচ্ছেন এ খল-অভিনেতা। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর উত্তরায় একটি লাইফস্টাইল ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন মিশা সওদাগর। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ব্র্যান্ড প্রমোশন প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

মিশা বলেন, ব্র্যান্ড ওপেনিংয়ে তার চাহিদা থাকলেও মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাবেও তিনি অনেক ক্ষেত্রে আগ্রহ দেখাননি। এবারই প্রথম একটি সিগনেচার লাইফস্টাইল ব্র্যান্ডের উদ্বোধনে অংশ নিয়েছেন তিনি। এর কারণব্র্যান্ডটির সততা ও বিশ্বাসযোগ্যতা। 

ব্র্যান্ড উদ্বোধনের পাশাপাশি আলোচনায় আসে ক্রিকেট প্রসঙ্গও। বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরানোর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিবেচনার সিদ্ধান্তকে স্বাগত জানান মিশা সওদাগর। অভিনেতা বলেন, সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল। রাজনৈতিক নানা ইস্যুর কারণে বর্তমানে বিদেশে অবস্থান করছেন এ অলরাউন্ডার।

মিশা সওদাগর বলেন, সংস্কৃতিকে রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলা ঠিক নয়। রাজনীতির প্রভাব সংস্কৃতিতে পড়লে সংস্কৃতিই ক্ষতিগ্রস্ত হয়। 

তিনি বলেন, যাদের মেধা আছে, তারাই জাতীয় দলে সুযোগ পাবে। ক্রিকেট আর রাজনীতিকে এক করা যায় না।

উল্লেখ্য, বর্তমান সময়ে বিনোদন জগতের তারকাদের মধ্যে ব্র্যান্ড প্রোমোশনে যুক্ত হওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে। ঢাকাই সিনেমার কিং শাকিব খান থেকে শুরু করে অভিনেত্রী শবনম বুবলী, অপু বিশ্বাসের মতো অনেক জনপ্রিয় শিল্পীকেই এখন দেখা যায় বিভিন্ন ব্র্যান্ডের প্রচারে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম