|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পথেই ইতালির মতো চারবারের বিশ্বচ্যাম্পিয়নকে বিদায় করেছিল বসনিয়া ও হার্জেগোভিনা। সেই সাফল্য যে কাকতালীয় ছিল না, তা প্রমাণের লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে গ্রুপ ‘বি’-এর ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে তারা। ম্যাচটি শুরু হবে রাত ১টায়।
প্রথম ম্যাচে সহ-আয়োজক কানাডার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বসনিয়া ও হার্জেগোভিনা। সেই ম্যাচে খেলেননি দলের অভিজ্ঞ ফরোয়ার্ড এদিন জেকো। ৪০ বছর বয়সী এই স্ট্রাইকার অবশ্য সুইজারল্যান্ডের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত আছেন।
বসনিয়ার কোচ সের্গেই বারবারেজ প্রতিপক্ষকে সতর্ক করে দিয়ে বলেছেন, সাম্প্রতিক সময়ে তার দল কাগজে-কলমে শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে জয় তুলে নেওয়ার সামর্থ্য দেখিয়েছে, ‘খুব সম্প্রতি আমরা দেখিয়েছি কাগজে-কলমে শক্তিশালী বলে বিবেচিত প্রতিপক্ষদের বিপক্ষেও আমরা জয়ী হতে পারি।’
ফিফা র্যাঙ্কিংয়ে সুইজারল্যান্ডের চেয়ে ৪৪ ধাপ পিছিয়ে থাকলেও প্রতিপক্ষ তাদের সহজভাবে নেবে, এমন ধারণা উড়িয়ে দিয়েছেন বারবারেজ, ‘প্রত্যেকেরই নিজের মতামত দেওয়ার এবং আত্মবিশ্বাস দেখানোর অধিকার আছে। ইতালির বিপক্ষে প্লে-অফের সময়ও এমনই আলোচনা ছিল। কিন্তু আমরা নিজেদের লক্ষ্যেই মনোযোগী ছিলাম।’
গত মার্চে নাটকীয় প্লে-অফে টাইব্রেকারে ইতালিকে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেয় বসনিয়া। দলের ডিফেন্ডার নিকোলা কাতিচ মনে করেন, সেই অর্জনের যথাযথ স্বীকৃতি তারা পাননি, ‘আমরা ফুটবল ইতিহাসের অন্যতম বড় একটি দেশকে হারিয়েছি। কিন্তু এরপর বসনিয়া নিয়ে যতটা আলোচনা হওয়া উচিত ছিল, তার চেয়ে বেশি আলোচনা হয়েছে ইতালি নিয়ে। ব্যক্তিগতভাবে আমাদের জন্য এটি ছিল অসাধারণ অর্জন এবং ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়ার মতো একটি জয়।’
বসনিয়ার এটি দ্বিতীয় বিশ্বকাপ। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের।
গ্রুপ ‘বি’-এর চারটি দলেরই বর্তমানে এক পয়েন্ট করে রয়েছে। প্রথম রাউন্ডে সুইজারল্যান্ড ড্র করেছে কাতারের সঙ্গে। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্ট পাওয়া কাতার যোগ করা সময়ে গোল করে ম্যাচটি ১-১ সমতায় শেষ করে। সুইস মিডফিল্ডার রেমো ফ্রয়লার বলেছেন, ‘আমাদের নিজেদের দিকে তাকাতে হবে এবং আত্মসমালোচনা করতে হবে।’
১৮ জুন ২০২৬, ২১:০০ পিএম
সুইজারল্যান্ডের জয়
গ্রানিত জাকার পেনাল্টি গোলে শেষ হলো বসনিয়া–সুইজারল্যান্ড ম্যাচ। শেষ দিকে গোলবন্যায় বসনিয়াকে ৪–১ গোলে হারিয়েছে সুইসরা।
১৮ জুন ২০২৬, ২০:৫৬ পিএম
গোল শোধ বসনিয়ার
তিন গোল খাওয়ার পর অবশেষে এক গোল শোধ করল বসনিয়া। যোগ করা সময়ে গোলটি করেন আমর মেমিচ
১৮ জুন ২০২৬, ২০:৫১ পিএম
মানজাম্বির জোড়া গোল
দারুণ নৈপুণ্যে বসনিয়ার বিপক্ষে ৩–০ গোলে এগিয়ে গেল সুইজারল্যান্ড। সুইসদের হয়ে তৃতীয় গোলটি করেন ইয়োহান মানজাম্বি। এটি মানজাম্বির দ্বিতীয় গোল।
১৮ জুন ২০২৬, ২০:৪২ পিএম
লাল কার্ডে ১০ জনের দল বসনিয়া
দারুণ এক আক্রমণে বসনিয়ার ডি–বক্সে ঢুকে পড়া ব্রিল এমবোলোকে থামাতে মারাত্মকভাবে ফাউল করে বসেন বসনিয়ার তারিক মুহারেমোভিচ। রেফারির তাৎক্ষণিকভাবে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন মুহারেমোভিচকে।
১৮ জুন ২০২৬, ২০:৩৬ পিএম
বসনিয়ার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে সুইজারল্যান্ড
৭৫ মিনিটে বসনিয়ার জালে সুইজারল্যান্ডের গোল।
১৮ জুন ২০২৬, ২০:৩২ পিএম
সুইজারল্যান্ড ০–০ বসনিয়া ও হার্জেগোভিনা
ম্যাচের ৭২ মিনিটেও কোনো দলই ভালো ফুটবল খেলতে পারেনি। সুইজারল্যান্ড ৪টি শট নিয়ে একটি পোস্টে রাখতে পেরেছে। বসনিয়া ও হার্জেগোভিনা ৩টি শটের একটি রাখতে পেরেছে পোস্টে। একটি করে সেভ করেছেন দুই দলের গোলকিপার। দুই দল মিলে ফাউল করেছে ১২ বার। মোট ৪৯৭ পাস খেলেও দুই দলের কেউ গোলের দেখা পায়নি।
১৮ জুন ২০২৬, ১৯:০৯ পিএম
বিশ্বকাপে জেকোর রেকর্ড
৪০ বছর ৯৩ দিন বয়সে মাঠে নেমে এদিন জেকো বিশ্বকাপের ইতিহাসে ৪০ বা তার বেশি বয়সে খেলা চতুর্থ আউটফিল্ড খেলোয়াড়ের তালিকায় নাম লেখালেন। এর আগে এই কীর্তি গড়েছিলেন রজার মিলা, যিনি ১৯৯৪ বিশ্বকাপে খেলেছিলেন। আর গতকালই সেই তালিকায় যোগ দিয়েছিলেন লুকা মদ্রিচ ও ক্রিস্টিয়ানো রোনালদো।

