|
ফলো করুন |
|
|---|---|
না, ভুল পড়ছেন না। বেলজিয়ামের গ্রুপে শীর্ষে ওঠার লড়াইয়ে নামছে মিশর ও নিউজিল্যান্ড। আজকের এই ম্যাচে জয় তুলে নিতে পারলেই গ্রুপ জি-এর শীর্ষে উঠে যাবে দুই দলের একটি।
এখন পর্যন্ত গ্রুপটিতে ৩টি ম্যাচ হয়ে গেলেও ফল আসেনি একটিতেও। যার ফলে এই সুযোগ এসে দাঁড়িয়েছে দুই দলের সামনে।
এই ম্যাচের লাইভ আপডেট জানতে চোখ রাখুন যুগান্তর অনলাইনে।
২২ জুন ২০২৬, ০৩:০৩ এএম
জিতে ইতিহাস গড়ল মিশর
প্রথমার্ধের শেষে নিউজিল্যান্ড ছিল ইতিহাসের দুয়ারে। তবে দ্বিতীয়ার্ধের ঝড়ে সে গল্পটা উলটে দিল মিশর। ইতিহাস গড়ে নিউজিল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে দিল মোহামেদ সালাহর দল।
২২ জুন ২০২৬, ০২:৪৮ এএম
জবাবের খোঁজে নিউজিল্যান্ড
দুই গোলে পিছিয়ে পড়ে নিউজিল্যান্ড একটা গোলের জন্য হন্যে হয়ে আক্রমণ করছে মিশর গোলমুখে। একটা গোল এলেই হিসেবটা বদলে যেতে পারে কিন্তু, সে আশাতেই মুহুর্মুহু আক্রমণ শানাচ্ছে অল হোয়াইটরা।
২২ জুন ২০২৬, ০২:৪৪ এএম
এবার ত্রেজেগের গোল, জয়ের খুব কাছে মিশর
জিকো, সালাহর পর গোলের খাতায় নাম লেখালেন বদলি হিসেবে মিনিট দুয়েক আগে মাঠে নামা মাহমুদ হাসান ত্রেজেগে। তিনি তার তৃতীয় ছোঁয়াতেই পেয়ে গেলেন গোলের দেখা। বিশ্বকাপে নিজেদের ইতিহাসের প্রথম জয় থেকে মাত্র ৭ মিনিটের দূরত্বে আছে ফারাওরা!
২২ জুন ২০২৬, ০২:৩৭ এএম
১৯৩৪ সালের পর এই প্রথম এই কীর্তি
১৯৩৪ সালের বিশ্বকাপে খেলেছিল মিশর। সেবার হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করেও হেরেছিল দলটি। এর পর থেকে দলটি বিশ্বকাপে খেললেও এক ম্যাচে জোড়া গোল করতে পারেনি কখনো। মোহামেদ সালাহ আর তার আগে মোস্তাফা জিকোর দারুণ দুই গোলে ৯২ বছর পর এই কীর্তি আবারও গড়ল মিশর।
২২ জুন ২০২৬, ০২:৩০ এএম
সালাহর গোলে এগিয়েই গেল মিশর
অবশেষে! মোহামেদ সালাহ!
শুরু থেকেই তাকে জোড়া ডিফেন্ডার দিয়ে মার্ক করে রাখা হয়েছিল। পাসিং লেনও ব্লক করে রাখা হয়েছিল। যে কারণে সালাহকে তার মতো দেখা যাচ্ছিল না ম্যাচে। তবে শেষমেশ তিনি গা ঝাড়া দিয়ে উঠলেন। মোস্তাফা জিকোর মাইনাস করা বলটা বক্সের ভেতর পেয়ে ডিফেন্ডার ও গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়ালেন জালে।
২২ জুন ২০২৬, ০২:২০ এএম
মিশরকে সমতায় ফেরালেন জিকো
দলটায় ওমার মারমুশ, মোহামেদ সালাহর মতো ফুটবলারের উপস্থিতি। সেই দলটাকে শেষমেশ সমতায় ফেরালেন জিকো, মোস্তাফা জিকো। নিউজিল্যান্ড একটার পর একটা শট ঠেকিয়েই যাচ্ছিল, ম্যাক্স ক্রকম্বে এই শটটাও ঠেকিয়ে দিয়েছিলেন। তবে তার হাতে লেগে বলটা গিয়ে জড়াল জালে। ১-১ সমতা ফিরল ম্যাচে।
২২ জুন ২০২৬, ০২:০১ এএম
এগিয়ে থেকেই বিরতিতে নিউজিল্যান্ড
বিশ্বকাপে নিজেদের প্রথম জয় থেকে আর মাত্র ৪৫ মিনিটের দূরত্বে নিউজিল্যান্ড। প্রথমার্ধের ১৫ মিনিটে সারম্যানের গোলই এগিয়ে দিয়েছে দলটিকে। মিশরের বিপক্ষে জয় তুলে নিতে পারলে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে পা রাখার পথেও অনেক দূর এগিয়ে যাবে কিউইরা।
২২ জুন ২০২৬, ০১:২১ এএম
মিশরকে চমকে দিয়ে লিড নিল নিউজিল্যান্ড
ম্যাচের ১৫ মিনিটে কর্নার পেয়েছিল নিউজিল্যান্ড। সেখান থেকে দারুণ এক ডেলিভারিতে মাথা ছুঁইয়ে বলটা মিশরের জালে জড়ালেন ফিন সারম্যান। মিশরকে চমকে দিয়ে লিড অল হোয়াইটদের।
