আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারির সিদ্ধান্ত ঠিকই ছিল, দাবি স্প্যানিশ ডিফেন্ডারের
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৫:৪৪ এএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মিশরের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন সমালোচনার ঝড়, তখন আর্জেন্টিনার পাশে দাঁড়িয়েছেন স্পেনের তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি। শেষ ষোলোয় মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা আর্জেন্টিনার ম্যাচ নিয়ে এখনো চলছে বিতর্ক।
মার্কা রেডিওকে কুবারসি বলেন, ‘আমার মনে হয় সবকিছুই বৈধ ছিল। শেষ পর্যন্ত আমি দেখেছি স্ট্যাম্পের কারণে ফাউলটা স্পষ্ট ছিল এবং আমি এমন কোনো ঘটনাও দেখিনি যা খুব বিতর্কিত।’
মিশরের বাতিল হওয়া গোল নিয়েই মূলত এই বিতর্কের সূত্রপাত হয়েছিল। এ বিষয়ে খোলাখুলিভাবে নিজের মত জানালেন বার্সেলোনার এই সেন্টারব্যাক।
বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে নিজেদের দলের সামর্থ্যের ওপর আস্থা রাখলেন কুবারসি। তিনি বলেন, ‘আমাদের রক্ষণভাগ অনেক ভালো, তবে ফরোয়ার্ড এবং মিডফিল্ডাররাও রক্ষণে সাহায্য করে এবং কাজটা সহজ করে দেয়। আমাদের লক্ষ্য একটাই, বিশ্বকাপ জেতা এবং আমরা সেই লক্ষ্যেই এগোব।’

এরপর তিনি জানান, শিরোপা জয়ের মুহূর্তটাই তিনি কল্পনা করেন।
গ্রুপ পর্বে কেপ ভার্দের সঙ্গে ড্র নিয়ে খুব একটা গুরুত্ব দিলেন না কুবারসি। দলের সামষ্টিক উন্নতির ওপরই আস্থা রাখলেন তিনি। তিনি বলেন, ‘আমরা জানি প্রথম ম্যাচ সবসময়ই কঠিন হয়, এক বছর একসঙ্গে না খেলার পর গতি ফিরে পাওয়া, নতুন করে বিশ্বকাপ শুরু করা কঠিন কাজ। এরপর আমরা মানিয়ে নিয়েছি এবং এখন আমরা খুব ভালো অবস্থায় আছি। এখন বেলজিয়াম আর কোয়ার্টার ফাইনাল ছাড়া অন্য কিছুতে আমরা মনোযোগ দিচ্ছি না।’
লা ভ্যানগার্দিয়ার সঙ্গে আলাপকালে সম্ভাব্য ফাইনালে মেসির মুখোমুখি হওয়ার বিষয়েও উৎসাহ দেখান কুবারসি। তিনি বলেন, ‘যদি আমরা মেসির বিপক্ষে ফাইনাল খেলতে পারি, সেটা হবে দুর্দান্ত ব্যাপার। কারণ তার মানে হলো আমরা ফাইনালে থাকব এবং শিরোপার আরও কাছে থাকব। আর যদি সেটা মেসির বিপক্ষেই হয়, যিনি আমার আইডলদের একজন, তাহলে সেটা হবে অসাধারণ কিছু। তবে আমাকে শতভাগ মনোযোগী থাকতে হবে, কারণ কোথায় কী মোড় নেবে বোঝা যায় না।’
