Logo
Logo
×
   

Advertisement

খেলা

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১০:৫১ এএম

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

লিওনেল মেসি ও লামিন ইয়ামাল।

Advertisement

ফিফা বিশ্বকাপের ফাইনালে রোববার (১৯ জুলাই) রাতে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী এই ম্যাচের আগে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সামনে কথা বলেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সেখানে স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামালকে ভূয়সী প্রশংসা করলেও স্পষ্ট করে দিয়েছেন, ইতিহাস গড়ার পথে এবার তাদের বাধা হয়ে দাঁড়ানোর লক্ষ্যই থাকবে আর্জেন্টিনার।

নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনে মেসির সঙ্গে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। অনুষ্ঠানে ফুটবলের প্রতি নিজের ভালোবাসা, বড় ম্যাচের চাপ সামলানোর অভিজ্ঞতা এবং ইয়ামালকে নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

আলোচনার একপর্যায়ে ইয়ামালকে নিয়ে মেসি বলেন, ‘ইয়ামাল অসাধারণ একজন ফুটবলার। আমি তাকে অনেক দিন ধরেই অনুসরণ করছি, কারণ সে এমন একটি ক্লাবে (বার্সেলোনা) খেলে, যেটিকে আমি ভালোবাসি। মাত্র ১৯ বছর বয়সেই সে বিশ্ব ফুটবলের আইকনে পরিণত হয়েছে। সামনে তার পুরো ক্যারিয়ার পড়ে আছে এবং ইতিহাস গড়ার দারুণ সুযোগও রয়েছে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যেন সেটা এবার না হয়।’   

শৈশবে ইয়ামালকে কোলে নিয়ে তোলা বহুল আলোচিত ছবির প্রসঙ্গও উঠে আসে সংবাদ সম্মেলনে। সে বিষয়ে মেসি বলেন, ‘আমি যখন ওর সঙ্গে ছবি তুলেছিলাম, তখন সে ছিল ছোট্ট একটি শিশু। আর এখন বিশ্বকাপের ফাইনালে তার বিপক্ষে খেলতে নামব—এটা সত্যিই অবিশ্বাস্য। জীবনে এমন ঘটনাও ঘটে! এখন সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।’

প্রতিপক্ষের প্রতি সম্মান দেখালেও ফাইনালে তাকে আটকে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির ভাষায়, ‘আমি চাই ওর ভবিষ্যৎ উজ্জ্বল হোক, কারণ ওর ভালো মানে বার্সেলোনারও ভালো। কিন্তু ফাইনালে আমরা চেষ্টা করব যেন ও নিজের সেরাটা খেলতে না পারে। যদিও সেটা সহজ হবে না। স্পেনের অনেক ভালো খেলোয়াড় আছে এবং তাদের খেলার ধরনও দুর্দান্ত। তবে আমাদেরও নিজেদের শক্তি রয়েছে।‘

চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে স্পেন। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে শিরোপা লড়াইয়ে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় রাত ১টায়।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম