সতীর্থদের সমালোচনায় র্যাবিও, ‘প্রথমার্ধের পারফরম্যান্স ছিল লজ্জাজনক’
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৪:০৮ পিএম
ফরাসি মিডফিল্ডার আদ্রিয়েন র্যাবিও। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট শেষ করতে হয়েছে ফ্রান্সকে। এই হারকে অনেকেই সহজে মেনে নিতে পারছেন না, বিশেষ করে দলের অভিজ্ঞ মিডফিল্ডার আদ্রিয়েন র্যাবিও। ম্যাচ শেষে সতীর্থদের এমন আচরণ ও খেলার ধরন নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিতে বিন্দুমাত্র দ্বিধা করেননি তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে থাকা এই ফরাসি মিডফিল্ডার সতীর্থদের মানসিকতা নিয়ে কড়া সমালোচনা করেন। ম্যাচের প্রথমার্ধেই টুখেলের শিষ্যদের (ইংল্যান্ড) কাছে ৪-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ফ্রান্স। প্রথমার্ধের সেই বিপর্যয় নিয়ে র্যাবিও বলেন, ‘ম্যাচের প্রথমার্ধে আমাদের শুরুটা ছিল একেবারেই লজ্জাজনক।’
তিনি আরও যোগ করেন, ‘আমি মাঠের ভেতর কিছু খেলোয়াড়ের মধ্যে এমন আচরণ দেখেছি, যা আমার ক্যারিয়ারে এর আগে কখনো দেখিনি। বিষয়টি অত্যন্ত হতাশাজনক, কারণ এই টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে অন্তত একটি ভালো ছাপ রেখে যাওয়ার শেষ সুযোগ ছিল আমাদের সামনে।’
সেমিফাইনালে স্পেনের কাছে হেরে যাওয়ার ধাক্কা কাটিয়ে উঠতে না পারার বিষয়টি উল্লেখ করে এসি মিলানের এই মিডফিল্ডার বলেন, ‘স্পেনের কাছে হারের পর দলে অনেক বড় হতাশা ছিল সত্যি, কিন্তু আমাদের কাজটা শেষ পর্যন্ত ঠিকঠাক করা উচিত ছিল। এভাবে মাঠের মধ্যে হাল ছেড়ে দেওয়া আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।’
ম্যাচের প্রথমার্ধের বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য বিরতির সময় ড্রেসিংরুমে কী আলোচনা হয়েছিল, তাও প্রকাশ করেন র্যাবিও।
তিনি বলেন, ‘আমরা প্রথমার্ধ শেষে বিরতিতে নিজেদের মধ্যে কথা বলেছিলাম এবং একমত হয়েছিলাম যে আমাদের নিজেদের আত্মসম্মান ও অহংকার বাঁচাতে হবে। ফলে দ্বিতীয়ার্ধে আমাদের পারফরম্যান্স ও পরিস্থিতি অনেক উন্নত হয়েছিল। কারণ প্রথমার্ধে যে মনোভাব দেখানো হয়েছিল, তা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না।’

