ব্যালন ডি’অর জয়ে যে চারজনকে এগিয়ে রাখছেন পর্তুগিজ কিংবদন্তি
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০২:৪৭ পিএম
সংগৃহীত ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসি ও লামিন ইয়ামালের পারফরম্যান্স ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিলেও ব্যালন ডি’অরের দৌড়ে তাদের কাউকে শীর্ষ দাবিদার হিসেবে দেখছেন না পর্তুগিজ কিংবদন্তি লুইস ফিগো। তার মতে, পুরো মৌসুমজুড়ে ধারাবাহিক পারফরম্যান্স এবং স্পেনের হয়ে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ অবদানের কারণে এই মুহূর্তে ব্যালন ডি’অরের সবচেয়ে শক্তিশালী দাবিদার রদ্রি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফিগো বলেন, মাঠে রদ্রির প্রভাব এবং ধারাবাহিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তিনি মনে করেন, ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডারই বর্তমানে বিশ্বের অন্যতম পূর্ণাঙ্গ ফুটবলার। রদ্রিকে দলে ভেড়ানোর ব্যাপারে রিয়াল মাদ্রিদের আগ্রহ নিয়েও কথা বলেন ফিগো। তবে সিটির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি থাকায় তাকে দলে আনা সহজ হবে না বলেও মন্তব্য করেন তিনি। যদিও বিশ্বের সেরা খেলোয়াড়দের প্রতি রিয়ালের আগ্রহ নতুন কোনো বিষয় নয় বলে উল্লেখ করেন সাবেক এই পর্তুগিজ তারকা।
ফিগোর ব্যালন ডি’অর সম্ভাব্যদের সংক্ষিপ্ত তালিকায় দ্বিতীয় নামটি কিলিয়ান এমবাপ্পের। ফ্রান্স অধিনায়কের বিশ্বকাপজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স তাকে পুরস্কারটির অন্যতম দাবিদার করে তুলেছে বলে মনে করেন তিনি।
এ ছাড়া তার তালিকায় রয়েছেন পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা এবং ফরাসি তরুণ তারকা দেজিরে দুয়ে। বিশ্বকাপে প্রত্যাশামতো সাফল্য না পেলেও ক্লাব ফুটবলে পুরো মৌসুমজুড়ে তাদের ধারাবাহিক পারফরম্যান্স ফিগোর নজর কেড়েছে। তার বিশ্বাস, ব্যালন ডি’অরের মতো ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রে মৌসুমব্যাপী অবদানই সবচেয়ে বেশি গুরুত্ব পায়।
অন্যদিকে, বিশ্বকাপের ফাইনালে আলো ছড়ানো লিওনেল মেসি কিংবা স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামালকে নিজের সেরা চার প্রার্থীর তালিকায় রাখেননি ফিগো। আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে মেসির নেতৃত্ব কিংবা স্পেনের আক্রমণে ইয়ামালের প্রভাব স্বীকার করলেও, সামগ্রিক মৌসুম বিবেচনায় রদ্রি, এমবাপ্পে, ভিতিনহা ও দেজিরে দুয়েকেই ব্যালন ডি’অরের সবচেয়ে যোগ্য দাবিদার হিসেবে বেছে নিয়েছেন তিনি।

