Logo
Logo
×
   

Advertisement

খেলা

বিশ্বকাপজয়ী ঘরের ছেলেই হচ্ছেন ইতালির নতুন কোচ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:৩৫ এএম

বিশ্বকাপজয়ী ঘরের ছেলেই হচ্ছেন ইতালির নতুন কোচ

ফাইল ছবি

Advertisement

কার্লো আনচেলত্তিকে চেয়েছিল ইতালির ফুটবল ফেডারেশন। তবে তিনি শুরুতেই সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এরপর পেপ গার্দিওলা নিমরাজি থাকলেও শেষমেশ তার সঙ্গে চুক্তি হয়নি। অবশেষে ঘরের ছেলেকেই কোচ করে আনছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।  

দলটি তাদের সাবেক বিশ্বকাপজয়ী ইতালিয়ান মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোর সঙ্গে চার বছরের চুক্তিতে একমত হয়েছে। ইতালিয়ান দৈনিক লা রিপাবলিকা শুক্রবার এ খবর জানিয়েছে।

ইতিহাসের সেরা মিডফিল্ডারদের একজন হিসেবে বিবেচিত পিরলো ২০০৬ সালে ইতালির হয়ে বিশ্বকাপ জিতেছিলেন। ইন্টার মিলান, এসি মিলান ও জুভেন্টাসের হয়ে ক্লাব ফুটবলেও উজ্জ্বল ক্যারিয়ার গড়েছেন তিনি।

৪৭ বছর বয়সি পিরলো বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ফার্স্ট ডিভিশন লিগের ক্লাব দুবাই ইউনাইটেডের দায়িত্বে আছেন। ২০২০-২১ মৌসুমে জুভেন্টাসের কোচ হিসেবে তিনি কোপা ইতালিয়া ও ইতালিয়ান সুপার কাপ জিতিয়েছিলেন।

এ চুক্তির খবর আসে গার্দিওলার প্রত্যাখ্যানের কয়েক ঘণ্টার মধ্যেই। আলোচনার সঙ্গে পরিচিত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, সাবেক ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনা কোচ পেপ গার্দিওলাকে ইতালির কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হলেও ৫৫ বছর বয়সি এ স্প্যানিশ কোচ তা ফিরিয়ে দিয়েছেন।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি টানা তৃতীয় বিশ্বকাপে বাছাই পর্বে ব্যর্থ হওয়ার পর এপ্রিলে কোচ জেনারো গাত্তুসো পদ ছেড়ে দেন। এরপর থেকেই নতুন কোচের খোঁজে ছিল ফেডারেশন। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিকেও এই পদে নেওয়ার বিষয়ে যোগাযোগ করেছিল ফেডারেশন। তবে তিনি সে আলোচনা বেশি দূর এগোতেই দেননি।

এরপর তাদের পছন্দের তালিকায় ছিলেন গার্দিওলা। তিনি গত মৌসুমের শেষে ম্যানচেস্টার সিটি ছেড়েছেন। এই ক্লাবে এক দশকে তিনি ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা জিতিয়েছেন, যার মধ্যে ছিল অভূতপূর্ব টানা চারটি। এ ছাড়া তিনটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ ও একটি চ্যাম্পিয়নস লিগও জিতেছেন সিটির সঙ্গে। ২০১৬ সালে সিটিতে আসার আগে বার্সেলোনায় দুটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি লালিগা এবং বায়ার্ন মিউনিখে তিনটি বুন্দেসলিগা শিরোপা জিতেছিলেন তিনি। তবে তাকে শেষমেশ পায়নি ইতালি। তাই অগত্যা পিরলোকেই কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে ফেডারেশন। 

ইতালিয়ান ফুটবল এখন কয়েক দশকের মধ্যে সবচেয়ে গভীর সংকটে। নতুন কোচ নিয়োগকে দেখা হচ্ছে যুব উন্নয়ন ও প্রতিভা তৈরির পুরো ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রথম পদক্ষেপ হিসেবে। দেশটিতে ফুটবল এখনো জাতীয় আবেগের বিষয় হলেও এ ব্যবস্থা সাম্প্রতিক বছরগুলোতে অনেকটাই ভেঙে পড়েছে। টানা তিনবার বিশ্বকাপে খেলতে পারেনি। এই খরা কাটানোর দায়িত্ব এবার নিয়েছেন পিরলো। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম