বসনিয়ার কাছে হেরে মাসের পর মাস ঘুমাতে পারিনি: গাত্তুসো
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ এএম
ইতালির সাবেক কোচ জেনারো গাত্তুসো।
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে বসনিয়ার বিপক্ষে সেই ম্যাচের পরের কঠিন সময় এখনও ভুলতে পারেননি জেনারো গাত্তুসো। ইতালির সাবেক কোচ জানিয়েছেন, ম্যাচটির পর কয়েক মাস ঘুমাতে পারেননি ঠিকমতো। ঘুমানোর জন্য নিজেকে ক্লান্ত করে তুলতে দীর্ঘ সময় হাঁটতেন বলেও জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বসনিয়া-ইতালি ম্যাচের স্মৃতিচারণ করতে গিয়ে গাত্তুসো বলেন, ‘ঘটনাগুলোই পার্থক্য গড়ে দেয়। এগুলো আমাদের পৃথিবী ও জীবনেরই অংশ। আমি সব সময়ই বলেছি, ছেলেদের এবং আমার সঙ্গে কাজ করা সবাইকে ধন্যবাদ জানাতে হবে। কারণ তারা নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। এরপরও এটা স্বাভাবিক যে, এটি আমার জীবনের বাকি সময়ের জন্য একটি ক্ষত হয়ে থাকবে।’
তবে ম্যাচের বিভিন্ন ঘটনা নিয়ে কোনো অভিযোগ নেই গাত্তুসোর। বিশেষ করে আলেসান্দ্রো বাস্তোনির প্রসঙ্গে ইতালির সাবেক এই কোচ বলেন, ‘আমি তাকে ধন্যবাদ জানিয়েছি। ভুল খেলারই অংশ। সে নিশ্চয়ই ইচ্ছা করে নিজে লাল কার্ড দেখেনি।’
ম্যাচে দলের ভালো দিকগুলোকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন গাত্তুসো। তার ভাষায়, ‘আমরা যে ভালো কাজগুলো করেছি, সেগুলোও থেকে যায়। কারণ, আর যেটা আমাকে বিরক্ত করে, মনে হয় যেন শুধু ফলাফলই গুরুত্বপূর্ণ। কখনো কখনো কী করা হয়েছে এবং কীভাবে করা হয়েছে, সেটাও দেখতে হয়।’
তবে সেই ম্যাচের পরের কয়েক মাস যে তার জন্য খুব কঠিন ছিল, সেটিও অকপটে জানিয়েছেন গাত্তুসো। তিনি বলেন, ‘প্রথম কয়েক মাস ঘুমাতে আমার অনেক কষ্ট হতো। নিজেকে ক্লান্ত করে ঘুমাতে পারার জন্য দীর্ঘ সময় হাঁটতাম, যাতে শেষ পর্যন্ত চোখ বন্ধ করতে পারি।’

