১১১ বছর পর ইতালির একাদশে একসঙ্গে দুই ভাইয়ের নাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘ ১১১ বছর পর ইতালির জাতীয় দলের শুরুর একাদশে একসঙ্গে জায়গা করে নিলেন দুই ভাই। তুরস্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে পিও এস্পোসিতো ও সেবাস্তিয়ানো এস্পোসিতোকে একাদশে রাখেন কোচ রবার্তো মানচিনি। শুধু তাই নয়, তাদের মাধ্যমে ইতালির ফুটবলে নতুন এক ইতিহাসও তৈরি হয়েছে—সিনিয়র জাতীয় দলে তিন ভাইয়ের খেলার কীর্তি এখন এস্পোসিতো পরিবারের।
তুরস্কের বিপক্ষে ইতালির ৪-১ গোলের জয়ে শুরু থেকেই মাঠে ছিলেন পিও ও সেবাস্তিয়ানো। এর আগে সর্বশেষ ১৯১৫ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে ইতালির হয়ে একই ম্যাচের শুরুর একাদশে খেলেছিলেন দুই ভাই আলদো ও লুইজি চেভেনিনি।
এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ইতালির মূল একাদশে একসঙ্গে আর কোনো দুই ভাইকে দেখা যায়নি। ২০০০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ফিলিপ্পো ও সিমোনে ইনজাঘি একই সময়ে ১১ মিনিট মাঠে ছিলেন, তবে তাদের কেউই ম্যাচটি শুরু করেননি।
এবার আরও বড় মাইলফলক স্পর্শ করেছে এস্পোসিতো পরিবার। বড় ভাই সালভাতোর ২০২২ সালে মানচিনির অধীনে ইংল্যান্ডের বিপক্ষে ইতালির জার্সিতে অভিষেক করেন। পরবর্তীতে জাতীয় দলে জায়গা করে নেন তার দুই ছোট ভাই সেবাস্তিয়ানো ও পিও। এর ফলে ইতালির সিনিয়র জাতীয় দলে তিন ভাইকে খেলানোর প্রথম পরিবার হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে এস্পোসিতো পরিবার।
তুরস্কের বিপক্ষে ম্যাচটি কোচ মানচিনির জন্যও ছিল স্মরণীয়। ইতালির দায়িত্বে ফেরার পর এ ম্যাচেই প্রথম জয়ের স্বাদ পেয়েছেন তিনি। ম্যাচের প্রথমার্ধেই আলেসান্দ্রো বাস্তোনি, দাভিদে ফ্রাত্তেসি ও অভিষেক হওয়া মাইকেল কায়োদের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইতালি। দ্বিতীয়ার্ধে ফিরতি বলে হেড করে ব্যবধান ৪-০ করেন পিও এস্পোসিতো। শেষ পর্যন্ত তুরস্ক একটি গোল শোধ করলেও ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।
এই জয়ের মাধ্যমে ২০১৯ সালের পর প্রথমবার কোনো অ্যাওয়ে ম্যাচে অন্তত তিন গোলের ব্যবধানে জয় পেল ইতালি।

