‘ইংল্যান্ডকে হারানোর পরই বিশ্বকাপ শেষ’– দি মারিয়ার চমকে দেওয়া মন্তব্য
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৮:০৩ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার স্বপ্নপূরণের অন্যতম মূল কুশীলব ছিলেন আনহেল দি মারিয়া। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে গোল করেছিলেন। তবে তিনি এবার আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ছিলেন না। দুই বছর আগেই তিনি অবসরে চলে গিয়েছিলেন। তবে এরপরও তিনি মন থেকে দলের সঙ্গে ছিলেন।
২০২২ বিশ্বকাপজয়ী এই তারকা এবার বলেছেন, দল অনেক কিছু অর্জন করেছে। শুধু হাততালি দিয়ে সেটা মাপা যায় না। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়কেই তিনি এই আসরের সবচেয়ে বড় মুহূর্ত বলেছেন।
আর্জেন্টিনার ঘরোয়া লিগে বেলগ্রানোর কাছে রোজারিও সেন্ত্রাল ২-১ গোলে হেরে যায়। এই ম্যাচের পর টিএনটি স্পোর্টসকে দি মারিয়া বলেন, ‘আমার কাছে ইংল্যান্ডকে হারানোর দিনই বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল। আমরা দেশকে সবচেয়ে বড় আনন্দ দিয়েছি। এটা সবাই খেয়াল করেছে, আর এটা আমাকে খুশি করেছে। সবার কাছে আমি চিরকৃতজ্ঞ।’
৩৮ বছর বয়সি এ তারকা বলেন, পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি দলের সঙ্গে মানসিকভাবে এক ছিলেন, দল যখন ধুঁকেছে, তখন হাজার মাইল দূরে বসে তিনিও ধুঁকেছেন। ফাইনালে স্পেনের কাছে হারলেও তিনি দলের লড়াই করার মানসিকতার প্রশংসা করেছেন।
তিনি বলেন, ‘প্রতিটি ম্যাচে আমি ধুঁকেছি, কিন্তু ওরা শেষমেশ এমন এক ভেতরের শক্তি খুঁজে পেয়েছিল, যা শেষ পর্যন্ত জয় এনে দিয়েছে। কখনো আপনি ফাইনাল জিতবেন, কখনো জিতবেন না। কিন্তু ওরা নীল-সাদা পতাকা উঁচুতে উড়িয়েছে।’
দি মারিয়া লিওনেল মেসির পাশে থেকেছেন। তিনি চান, মেসি যতদিন ইচ্ছা জাতীয় দলে খেলা চালিয়ে যাক। তিনি বলেন, ‘লিও যতদিন চায় ততদিন খেলা চালিয়ে যাক। আমার মনে হয়, ও আরও অনেক বছর খেলতে পারবে। ৩৯ বছর বয়সেও ও প্রমাণ করেছে, ও এখনো ইতিহাসের সেরাদের একজন। ওর জন্য কোনো সীমা নেই।’
দি মারিয়া নিজেও আর্জেন্টিনার ইতিহাসের এক বড় নাম। তিনি ২০০৮ অলিম্পিকের সোনার পদক জয়ের ফাইনালে জয়সূচক গোল করেছিলেন। ২০২১ কোপা আমেরিকা ফাইনালেও তার গোল ছিল জয়সূচক। ২০২২ সালের ফিনালিসিমাতেও তিনি জয়সূচক গোল করেন। ২০২৪ কোপা আমেরিকা জয়ের পর তিনি জাতীয় দল থেকে অবসর নেন।
