মেসির বিদায়ী ম্যাচে যেতে পারছেন না দিবালা-মলিনা
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচটি সামনে থেকে দেখার সুযোগ হচ্ছে না আর্জেন্টিনার দুই তারকা পাওলো দিবালা ও নাহুয়েল মলিনার। ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে তাদের আর্জেন্টিনা যাওয়ার অনুমতি দেননি এএস রোমার কোচ জান পিয়েরো গাসপেরিনি।
বুধবার (৭ অক্টোবর) বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচটিকে আন্তর্জাতিক ফুটবলে মেসির বিদায়ী মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। জাতীয় দলের বর্তমান স্কোয়াডে না থাকলেও মেসির এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে চেয়েছিলেন দিবালা ও মলিনা।
মেসির সঙ্গে দুজনেরই দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর্জেন্টিনার জার্সিতে দিবালা ও মলিনা মিলে খেলেছেন ১০৫টি ম্যাচ। ফলে মেসির বিদায়ী ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকার আগ্রহ ছিল তাদের।
তবে রোমার সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় তাদের সেই পরিকল্পনায় বাধা দিয়েছেন গাসপেরিনি। আন্তর্জাতিক বিরতি শেষে রোববার সেরি আ-তে কোমোর বিপক্ষে মাঠে নামবে রোমা। এরপর ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। এমন ব্যস্ত সূচির আগে দুই খেলোয়াড়কে দীর্ঘ ভ্রমণে পাঠানোকে ঝুঁকিপূর্ণ মনে করেছেন রোমার কোচ।
স্কাই স্পোর্ট ইতালিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে গাসপেরিনি বলেন, গুরুত্বপূর্ণ ম্যাচের এত অল্প সময় আগে খেলোয়াড়দের দীর্ঘ বিমানযাত্রার ধকল দেওয়া সম্ভব নয়। আর্জেন্টিনা রোমা থেকে অনেক দূরে হওয়ায় সেখানে গিয়ে আবার দ্রুত ফিরে আসা খেলোয়াড়দের জন্য কঠিন হয়ে পড়ত। তাই ক্লাবের স্বার্থে দিবালা ও মলিনাকে দলের সঙ্গেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে মেসির বিদায় নিয়ে নিজের শ্রদ্ধার কথাও জানিয়েছেন গাসপেরিনি। তার মতে, মেসির আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি নিঃসন্দেহে আবেগঘন একটি মুহূর্ত। ফুটবলার ও কোচ হিসেবে অনেক কিংবদন্তি খেলোয়াড়কে দেখলেও মেসির অর্জনের সঙ্গে তুলনা করা যায়—এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
দিবালা ও মলিনা উপস্থিত থাকতে না পারলেও মেসির বিদায়ী ম্যাচে ইতালিয়ান ক্লাব ফুটবলের বেশ কয়েকজন পরিচিত মুখ আর্জেন্টিনার জার্সিতে থাকবেন। স্কোয়াডে রয়েছেন ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজ, জুভেন্টাসের নিকো গনসালেস ও কোমোর নিকো পাজ। রোমা থেকেও দলে আছেন লিওনার্দো বালের্দি, মাতিয়াস সোলে ও সান্তিয়াগো কাস্ত্রো।

