Logo
Logo
×

Advertisement

খেলা

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল সিদ্ধান্ত ছিল, জানাল আইএফএবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১১:৪১ এএম

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল সিদ্ধান্ত ছিল, জানাল আইএফএবি

ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্বকাপে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলোকে দেখানো লাল কার্ডটি ভুল ছিল বলে স্বীকার করেছে ফুটবলের নিয়মপ্রণয়নকারী সংস্থা ‘ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড’ (আইএফএবি)। 

জুরিখভিত্তিক এই নিয়ন্ত্রক সংস্থাটি রেফারিদের জন্য তাদের নীতিমালার ব্যাখ্যা প্রকাশ করে স্পষ্ট জানিয়েছে, ম্যাচের ওই পরিস্থিতিতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রোটোকল ব্যবহার করা নীতিমালার পরিপন্থি ছিল। 

কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচটিতে সুইজারল্যান্ড ১-১ সমতায় ফেরার ঠিক পরেই ৭২তম মিনিটে ম্যাচের গতিপথ পুরো বদলে যায়। আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে এক চ্যালেঞ্জের পর মাঠে পড়ে যান এমবোলো। শুরুতে পারেদেসকে ফাউলের জন্য হলুদ কার্ড দেখান ম্যাচ রেফারি। কিন্তু ভিএআর কর্মকর্তারা রেফারিকে জানান যে পারেদেস কোনো ফাউল করেননি, বরং এমবোলো ‘সিমুলেশন’ বা অভিনয়ের আশ্রয় নিয়েছিলেন। এরপর রেফারি পারেদেসের হলুদ কার্ড বাতিল করে এমবোলোকে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন। 

ফলে ১০ জনের দলে পরিণত হওয়া সুইজারল্যান্ড নির্ধারিত সময় পর্যন্ত লড়াই বজায় রাখলেও অতিরিক্ত সময়ে ৩-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায়। পরবর্তীতে এই লাল কার্ডের ঘটনাটি তীব্র বিতর্কের সৃষ্টি করে। এমনকি এর আগের ম্যাচে আর্জেন্টিনার কাছে পরাজিত হওয়া মিশরও অভিযোগ তোলে—রেফারিরা লিওনেল মেসির দলকে বাড়তি সুবিধা দিচ্ছেন। 

সম্প্রতি আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের বিতর্কিত এই বিষয়টি স্পষ্ট করে আইএফএবি জানিয়েছে, ভিএআরের ‘ভুল শনাক্তকরণ’ ধারাটি শুধুমাত্র কোন খেলোয়াড় ফাউল করেছেন তা সঠিকভাবে চিহ্নিত করার জন্য প্রযোজ্য। অপরাধের ধরন পরিবর্তন বা প্রতিপক্ষকে সিমুলেশনের জন্য শাস্তি দিতে এই ধারা ব্যবহার করার কোনো এখতিয়ার বর্তমানে নেই। 

সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ‘পেনালটি পাওয়া অপরাধটি কে করেছেন তা চিহ্নিত করতেই কেবল ভুল শনাক্তকরণ প্রোটোকল ব্যবহার করা যেতে পারে; মূল অপরাধটি পুনঃপর্যালোচনা বা পরিবর্তন করা যাবে না। ভবিষ্যতে হয়তো এই বিধিতে পরিবর্তন আসতে পারে, তবে পর্যালোচনা প্রক্রিয়া চূড়ান্ত না হওয়া পর্যন্ত তা প্রয়োগ করা যাবে না।’ 

ম্যাচ শেষে নিজের হতাশা ও ক্ষোভ প্রকাশ করে সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন বলেছিলেন, ‘রেফারি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমি জানি তারা তাদের রেফারিকে রক্ষা করার চেষ্টা করবে, কিন্তু এই নিয়মটি আজ আমাদের ম্যাচটা ধ্বংস করে দিয়েছে। এভাবে একটি টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া অত্যন্ত বেদনাদায়ক।’ 

উল্লেখ্য, ২০২৪ সালের মার্চ থেকে ভিএআর প্রোটোকলের একটি পর্যালোচনা চলমান রয়েছে এবং আইএফএবি স্বীকার করেছে যে এমবোলোর এই ঘটনার মতো বিষয়গুলোও সেই পর্যালোচনার অংশ। আগামী ফেব্রুয়ারি বা মার্চে সংস্থাটির বার্ষিক সাধারণ সভায় ফুটবলের নিয়মাবলীতে নতুন কোনো পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচে দর্শক ফেরাতে যে পরামর্শ মার্তিনেজের

মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচে দর্শক ফেরাতে যে পরামর্শ মার্তিনেজের

ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি

রোমেরোর কীর্তি ছুঁলেন মার্তিনেজ, বিশ্বরেকর্ড গড়তে কী করতে হবে?

রোমেরোর কীর্তি ছুঁলেন মার্তিনেজ, বিশ্বরেকর্ড গড়তে কী করতে হবে?

আর্জেন্টিনাকে আইনি নোটিশ পাঠাচ্ছেন মেসি

আর্জেন্টিনাকে আইনি নোটিশ পাঠাচ্ছেন মেসি

এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’

এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’

আরও পড়ুন

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে ‘আহত’ মামদানি

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে ‘আহত’ মামদানি

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে ‘চিরশত্রু’ বানিয়ে দেওয়া সেই ফকল্যান্ড এবার ইতিহাস গড়ল ক্রিকেটে

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে ‘চিরশত্রু’ বানিয়ে দেওয়া সেই ফকল্যান্ড এবার ইতিহাস গড়ল ক্রিকেটে

অফিসের কর্মীদেরকে সোনার আংটি উপহার দিলেন সানরাইজার্সের মালিক

অফিসের কর্মীদেরকে সোনার আংটি উপহার দিলেন সানরাইজার্সের মালিক

আইসিসির মোট সম্পদ কত টাকা?

আইসিসির মোট সম্পদ কত টাকা?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম