Logo
Logo
×
   

খেলা

ভিনিসিয়ুসের নতুন চুক্তি নিয়ে রিয়াল মাদ্রিদের জোর আলোচনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০১:০৭ পিএম

ভিনিসিয়ুসের নতুন চুক্তি নিয়ে রিয়াল মাদ্রিদের জোর আলোচনা

রিয়াল মাদ্রিদ ও ভিনিসিয়ুস জুনিয়রের নতুন চুক্তি নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত থাকলেও, শেষ বছরে প্রবেশ করায় আগামী জানুয়ারি থেকেই অন্য কোনো ক্লাবের সঙ্গে প্রাক-চুক্তি করার সুযোগ পাবেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তাই বিষয়টি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই আলোচনায় গতি এনেছে স্প্যানিশ ক্লাবটি।

ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়ালের প্রধান স্কাউট হুনি কালাফাত পুরো আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ক্লাব ও খেলোয়াড়পক্ষের ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার দুই পক্ষের মধ্যে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।

ভিনিসিয়ুস ও তার প্রতিনিধিদের বিশ্বাস, এটি হবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ চুক্তি। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের দুটি ফাইনালে গোল করে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। সেই অর্জনের প্রতিফলন নতুন চুক্তিতে দেখতে চান তার প্রতিনিধিরা।

অন্যদিকে, আলোচনায় সমঝোতা না হলে ভিনিসিয়ুসকে চলতি গ্রীষ্মেই বিক্রির বিষয়টিও বিবেচনায় রাখছে রিয়াল। সেক্ষেত্রে ব্রাজিলিয়ান তারকার জন্য প্রায় ১৫ কোটি ইউরো ট্রান্সফার ফি প্রত্যাশা করছে স্প্যানিশ জায়ান্টরা।

বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে গত সোমবার অনুশীলনে ফিরেছেন ভিনিসিয়ুস। নতুন কোচ জোসে মরিনিওর অধীনে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে ইতোমধ্যে দলের অনুশীলনেও যোগ দিয়েছেন তিনি।

রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, ‘নতুন কোচ ও নতুন খেলোয়াড়দের সঙ্গে কাজ শুরু করতে পেরে আমি আনন্দিত। আমরা কঠোর পরিশ্রম করছি। মরিনিও চান আমি সব সময়ের মতো আত্মবিশ্বাসী ও হাসিখুশি থেকে নিজের স্বাভাবিক খেলাটা খেলি। পুরো মৌসুমে চোটমুক্ত থাকতে শারীরিকভাবে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়াই এখন আমার প্রধান লক্ষ্য।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .