বাংলাদেশ সফর নিয়ে মুখ খুলল বিসিসিআই
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০২:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ সফর নিয়ে অবশেষে নিজেদের অবস্থান কিছুটা স্পষ্ট করেছে ভারত। চলতি মাসের শেষ দিকে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও এখনো সিরিজের বিষয়ে দুই দেশের ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। বরং নানা জটিলতায় সফরটি পিছিয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশ সফরের চূড়ান্ত সিদ্ধান্ত এখন দেশটির কেন্দ্রীয় সরকারের অনুমতির ওপর নির্ভর করছে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, সরকারের অনুমোদন মিললেই বাংলাদেশে দল পাঠানোর বিষয়টি চূড়ান্ত হবে। এ নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গেও আলোচনা চলছে।
বিসিসিআইয়ের ওই কর্মকর্তা আরও জানান, বিসিবির সঙ্গে তাদের সম্পর্ক আপাতত স্বাভাবিক রয়েছে। তবে সরকারের অনুমোদন না পাওয়া পর্যন্ত সিরিজের সূচি নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। অনুমতি পাওয়া গেলে দ্রুতই ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
২০২২ সালের পর আর বাংলাদেশ সফরে আসেনি ভারত। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতির কারণেও আগের নির্ধারিত সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। চলতি বছরের শুরুতে কলকাতা নাইট রাইডার্সের মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া এবং বাংলাদেশের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার ঘটনায় সম্পর্কের উত্তেজনা আরও বেড়েছিল।
তবে ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখা দেয়। বিসিবি ও বিসিসিআইয়ের আলোচনার ভিত্তিতে সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ফলে বাংলাদেশ সফর নিয়ে বিসিবি-বিসিসিআইয়ের আলোচনা চললেও শেষ পর্যন্ত ভারতীয় সরকারের অনুমোদনই সিরিজটির ভাগ্য নির্ধারণ করবে।

