Logo
Logo
×
   

খেলা

মাতাল অবস্থায় বিশৃঙ্খল আচরণের অভিযোগে দলের বাইরে কার্স

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম

মাতাল অবস্থায় বিশৃঙ্খল আচরণের অভিযোগে দলের বাইরে কার্স

ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্স।

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টের দলেও জায়গা হয়নি ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্সের। ডার্বির একটি বারের বাইরে তাকে গ্রেফতার ও পরে ছেড়ে দেওয়ার ঘটনায় তদন্ত চলমান থাকায় তাকে স্কোয়াডে বিবেচনা করেনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

গত মাসে ডারহামের কাউন্টি চ্যাম্পিয়নশিপে জয়ের উদ্‌যাপনের সময় ডার্বির একটি বারের বাইরে মাতাল ও বিশৃঙ্খল আচরণের অভিযোগে কার্সকে গ্রেফতার করে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে হাতকড়া পরা অবস্থায় পুলিশের সঙ্গে যেতে দেখা যায়। যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর কার্সের আচরণ নিয়ে তদন্ত শুরু করে ক্রিকেট রেগুলেটর। পাশাপাশি ডার্বিশায়ার পুলিশও ওই রাতের একটি হামলার অভিযোগ খতিয়ে দেখছে। তবে সেই ঘটনার সঙ্গে কার্সের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

দ্বিতীয় টেস্ট চলাকালে ইসিবির চেয়ারম্যান রিচার্ড থম্পসন বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে সতর্ক অবস্থান নেন। তিনি বলেন, ‘সাম্প্রতিক একটি ঘটনায় ক্রিকেট রেগুলেটর তদন্ত করছে এবং সম্ভাব্য একটি ফৌজদারি তদন্তও চলছে। তাই এমন কিছু বলতে চাই না, যা চলমান তদন্তকে প্রভাবিত করতে পারে।’

তদন্তের মধ্যেও গত সপ্তাহে ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন কার্স। গ্লস্টারশায়ারের বিপক্ষে দলের ১০ উইকেটের জয়ে চার উইকেট শিকার করেন তিনি। তবে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে পরবর্তী ম্যাচে তাকে খেলানো হয়নি।

ডারহাম জানিয়েছে, ইসিবির সঙ্গে পূর্বনির্ধারিত ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ পরিকল্পনার অংশ হিসেবেই তিনি সেই ম্যাচে অনুপস্থিত ছিলেন।

কার্সের অনুপস্থিতিতে দ্বিতীয় টেস্টে সুযোগ পাওয়া পেসার সনি বেকার তৃতীয় টেস্টের দলেও জায়গা ধরে রেখেছেন। এছাড়া স্কোয়াড থেকে বাদ পড়েছেন ম্যাট ফিশার। এজবাস্টনে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ড ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।   

আগামী বুধবার এজবাস্টনে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। লর্ডসে দাপুটে জয় তুলে নিয়ে ইতোমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ফলে ২০২৪ সালের জুলাইয়ের পর প্রথমবারের মতো কোনো টেস্ট সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার সুযোগ পাচ্ছে তারা।

অন্তর্বর্তীকালীন কোচ মার্কাস ট্রেসকোথিক ইঙ্গিত দিয়েছেন, তৃতীয় টেস্টেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে ইংল্যান্ড।

অন্যদিকে পাকিস্তান শিবিরে চলছে বড় ধরনের রদবদল। তৃতীয় টেস্টের আগে সাত ক্রিকেটারকে দেশে ফিরিয়ে দিয়ে নতুন সাতজনকে দলে অন্তর্ভুক্ত করেছে তারা। নতুনদের মধ্যে পাঁচজনই এখনো টেস্ট অভিষেকের অপেক্ষায় রয়েছেন।

ইংল্যান্ডের স্কোয়াড: জফ্রা আর্চার, গাস অ্যাটকিনস, সনি বেকার, শোয়েব বশির, হ্যারি ব্রুক, স্যাম কুক, জর্ডান কক্স, বেন ডাকেট, এমিলিও গে, ড্যান লরেন্স, অলি পোপ, অলি রবিনসন, জো রুট (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার) ও জশ টাং।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম