Logo
Logo
×
   

Advertisement

খেলা

স্প্যানিশ ফুটবলে মেসি-রোনালদোর নতুন অধ্যায়, যা বললেন লা লিগা সভাপতি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম

স্প্যানিশ ফুটবলে মেসি-রোনালদোর নতুন অধ্যায়, যা বললেন লা লিগা সভাপতি

Advertisement

ফুটবল মাঠে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তুলেছে। খেলোয়াড়ি জীবনের সেই দ্বৈরথ এখন নতুন মাত্রা পেয়েছে স্পেনের ক্লাব ফুটবলে। এবার খেলোয়াড় হিসেবে নয়, বিনিয়োগকারী হিসেবে স্প্যানিশ ফুটবলে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন দুই মহাতারকা।

৪১ বছর বয়সি রোনালদো গত ফেব্রুয়ারিতে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব আলমেরিয়ার ২৫ শতাংশ মালিকানা কিনেছেন। অন্যদিকে একই বিভাগের এলদেন্সে বিনিয়োগের পথে এগোচ্ছেন মেসি। বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, ক্লাবটির সঙ্গে বিনিয়োগের বিষয়ে প্রাথমিক চুক্তিতেও পৌঁছে গেছেন আর্জেন্টাইন তারকা। এর আগে বার্সেলোনা অঞ্চলের পঞ্চম বিভাগের ক্লাব করনেয়ারের মালিকানাও নিয়েছেন মেসি।

তবে এলদেন্সে মেসির বিনিয়োগের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস জানান, সংবাদমাধ্যমের খবর থেকেই তিনি বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন। মেসি সরাসরি ব্যক্তিগতভাবে বিনিয়োগ করছেন, নাকি কোনো বিনিয়োগকারী গোষ্ঠীর মাধ্যমে ক্লাবটির সঙ্গে যুক্ত হচ্ছেন—এ বিষয়েও তার কাছে নিশ্চিত তথ্য নেই বলে জানান তিনি।

তবে চুক্তির আনুষ্ঠানিকতা নিয়ে ধোঁয়াশা থাকলেও স্প্যানিশ ফুটবলে মেসি ও রোনালদোর বিনিয়োগকে ইতিবাচক হিসেবেই দেখছেন তেবাস। আলমেরিয়ায় রোনালদোর মালিকানার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিশ্বের সাম্প্রতিক সময়ের সেরা দুই ফুটবলার নিজেদের অর্থ স্প্যানিশ ফুটবলে বিনিয়োগ করছেন—এটি স্প্যানিশ ফুটবলের জন্য সম্মানের। একই সঙ্গে তাদের বিনিয়োগ দেশটির ফুটবলকে আরও সমৃদ্ধ করতে ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।

খেলোয়াড় হিসেবে মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায়। প্রায় এক দশক ধরে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে নিয়মিত একে অপরের মুখোমুখি হয়েছেন তারা। ক্লাব ও জাতীয় দলের হয়ে সম্মিলিতভাবে ৮১টি শিরোপা জিতেছেন দুই তারকা। ৯০০-এর বেশি গোল করার কীর্তি রয়েছে শুধু এই দুজন ফুটবলারেরই।

বার্সেলোনায় ১৭ মৌসুম কাটানোর পর ২০২১ সালের আগস্টে ক্লাবটির আর্থিক সংকটের কারণে বিদায় নেন মেসি। বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আটবার ব্যালন ডি’অর জিতেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

অন্যদিকে ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছাড়েন রোনালদো। মাদ্রিদে থাকাকালীন ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি ১৩টি শিরোপা জিতেছেন তিনি। এর মধ্যে রয়েছে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। আর পর্তুগালের জার্সিতে তার সবচেয়ে বড় অর্জন ইউরো চ্যাম্পিয়ন হওয়া।

খেলার মাঠের সেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী এবার স্প্যানিশ ক্লাব ফুটবলের পৃষ্ঠপোষক ও বিনিয়োগকারী হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করছেন—যা নিয়ে স্বাভাবিকভাবেই বাড়ছে আলোচনা।

সূত্র: ইএসপিএন

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম