মেসির যে ৭ রেকর্ডে ভাগ বসাতে পারেন রাফিনিয়া
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বার্সেলোনার হয়ে লিওনেল মেসির গড়া বেশ কিছু রেকর্ড এতদিন ছিল প্রায় অস্পর্শনীয়। তবে নতুন মৌসুমে রাফিনিয়াকে ভিন্ন ভূমিকায় খেলানোর সিদ্ধান্ত যেন সেই হিসাব কিছুটা বদলে দিয়েছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড যেভাবে শুরু করেছেন, তাতে মেসির একাধিক রেকর্ডের দিকে তাকানোর সুযোগ তৈরি হয়েছে তার সামনে।
২০২৬-২৭ মৌসুমে এখন পর্যন্ত মাত্র পাঁচ ম্যাচ খেলেই আট গোল করেছেন রাফিনিয়া। রবার্ট লেভানডভস্কি ও ফেরান তোরেস দল ছাড়ার পর এবং জুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা সফল না হওয়ায় রাফিনিয়াকে মূল স্ট্রাইকার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয় বার্সেলোনা। উইং থেকে উঠে এসে কেন্দ্রীয় ফরোয়ার্ডের দায়িত্ব নেওয়ার পর থেকেই যেন বদলে গেছে তার পারফরম্যান্সের চিত্র।
চলুন জেনে নেওয়া যাক বার্সেলোনার সর্বকালের সেরা মেসির যেসব রেকর্ডে ভাগ বসাতে পারেন রাফিনিয়া-
লা লিগায় টানা গোলের রেকর্ড
২০১২-১৩ মৌসুমে লা লিগায় টানা ২১ ম্যাচে গোল করে ইতিহাস গড়েছিলেন মেসি। রাফিনিয়া অবশ্য এখনো সেই রেকর্ডের ধারেকাছেও নেই। তবে চলতি লিগে প্রথম চার ম্যাচেই গোল করেছেন তিনি। এই ধারাবাহিকতা দীর্ঘ করতে পারলে মেসির রেকর্ডের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।
চ্যাম্পিয়ন্স লিগে ১৪ গোল
২০১১-১২ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার হয়ে ১৪ গোল করেছিলেন মেসি। এবারের আসরে প্রথম ম্যাচেই দুই গোল করে দারুণ সূচনা করেছেন রাফিনিয়া। নতুন ফরম্যাটে নকআউট পর্বসহ বেশি ম্যাচ খেলার সুযোগ থাকায় এই রেকর্ডকে লক্ষ্য করা অসম্ভব নয়।
হোস্কোরড রেটিংয়েও নজর
টানা ১২ মৌসুম হোস্কোরডের গড় রেটিংয়ে ৮.০০-এর ওপরে ছিলেন মেসি। তার সর্বোচ্চ গড় রেটিং ছিল ৮.৮৮। চলতি মৌসুমে এখন পর্যন্ত রাফিনিয়ার রেটিং ৮.৭২—অর্থাৎ শুরুতেই মেসির সেরা সময়ের খুব কাছাকাছি অবস্থান করছেন তিনি।
লা লিগায় ৫০ গোলের মাইলফলক
২০১১-১২ মৌসুমে লা লিগায় মেসির ৫০ গোলের কীর্তি এখনও বিরল এক রেকর্ড। তবে রাফিনিয়ার চলতি মৌসুমের শুরুটা অন্তত আশার আলো দেখাচ্ছে। প্রথম চার ম্যাচে তার গোল ছয়টি, অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে দেড় গোল। এই হার পুরো ৩৮ ম্যাচের মৌসুমে ধরে রাখতে পারলে তার গোলসংখ্যা ৫৭-তে পৌঁছাতে পারে।
এক মৌসুমে আট হ্যাটট্রিক
লা লিগার এক মৌসুমে আটটি হ্যাটট্রিক করার রেকর্ডও মেসির দখলে। নতুন পজিশনে খেলার কারণে ইয়ামাল, পেদ্রি ও ফেরমিনের কাছ থেকে নিয়মিত গোলের সুযোগ পাচ্ছেন রাফিনিয়া। ফলে মৌসুমজুড়ে একাধিক হ্যাটট্রিক করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
৩৮ ম্যাচের ২৭টিতে গোল
লা লিগার এক মৌসুমে ৩৮ ম্যাচের মধ্যে ২৭ ম্যাচেই গোল করেছিলেন মেসি। রাফিনিয়ার এবারের শুরু অবশ্য শতভাগ সফল। লিগের চার ম্যাচেই গোল করেছেন তিনি। তবে মেসির রেকর্ড স্পর্শ করতে হলে প্রায় পুরো মৌসুমজুড়েই এমন ধারাবাহিকতা ধরে রাখতে হবে তাকে।
এক মৌসুমে ৭৩ গোল
২০১১-১২ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৩ গোল করেছিলেন মেসি—যা ফুটবল ইতিহাসের অন্যতম অবিশ্বাস্য ব্যক্তিগত রেকর্ড। রাফিনিয়া এখন পর্যন্ত পাঁচ ম্যাচে করেছেন আট গোল। একই গতিতে ৫০ ম্যাচ খেলতে পারলে তার গোলসংখ্যা ৮০-এর কাছাকাছি যেতে পারে।
তবে মৌসুমের শুরুতেই এ ধরনের হিসাবকে চূড়ান্ত সম্ভাবনা হিসেবে দেখার সুযোগ নেই। দীর্ঘ মৌসুমে চোট, ফর্ম, ম্যাচের সংখ্যা এবং প্রতিপক্ষের মান—সবকিছুই একজন খেলোয়াড়ের গোলসংখ্যায় প্রভাব ফেলতে পারে। তারপরও স্ট্রাইকার হিসেবে রাফিনিয়ার এমন দুর্দান্ত সূচনা বার্সেলোনায় মেসির দীর্ঘদিনের ‘অস্পর্শনীয়’ রেকর্ডগুলো নিয়ে নতুন করে আলোচনা শুরু করার যথেষ্ট কারণ তৈরি করেছে।


