আমরা অনেকদিন ধরে রুমে বসা: পাকিস্তানের কাছে হারের পর লিটন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৩:১০ পিএম
লিটন দাস। ছবি: বিসিবি
|
ফলো করুন |
|
|---|---|
এবারের এশিয়ান গেমস ক্রিকেটে ফাইনাল খেলার প্রত্যাশা নিয়ে দেশ ছাড়লেও সেমিফাইনালেই হোঁচট খেল বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে বিদায় নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে স্বর্ণ ও রৌপ্য জয়ের আশায় পানি ঢেলে এখন ব্রোঞ্জের লড়াইয়ে লিটন দাসের দল।
এদিন বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষকে ১১২ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ্য সহজেই ৯ বল হাতে রেখে তাড়া করে ফেলে পাকিস্তান।
বাংলাদেশ কোথায় ম্যাচটা হারল? ম্যাচ হারের জন্য পর্যাপ্ত অনুশীলন করতে না পারাকে দায়ী করেছেন টাইগার অধিনায়ক লিটন দাস।
লিটন বলেন, ‘আমার কাছে মনে হয় যে আমরা মিডল ওভারে বোলিংটা যদি আরেকটু ভালো করতে পারতাম, যদি ওভার বাউন্ডারিগুলো কম খেতাম, তাহলে (জেতার) সুযোগ বেশি ছিল।’
আজ বল হাতে মোটেই চিরচেনা ছন্দে ছিলেন না পেসার মোস্তাফিজুর রহমান। ২ ওভারে হজম করেছেন ৪১ রান। এর মধ্যে শেষ ৪ ওভারে পাকিস্তানের যখন ৩৪ রান দরকার, তখন এক ওভারেই ২৩ রান দেন মোস্তাফিজ। সেখানেই ম্যাচের মোড় পুরোপুরি পাকিস্তানের দিকে ঘুরে যায়।
প্রথম ওভারে ১৮ রান দেওয়ার পরও কেন স্পিনারদের না দিয়ে আবার মোস্তাফিজকে বোলিং করতে দেওয়া হলো? এমন প্রশ্নে লিটনের জবাব, ‘আজকে মোস্তাফিজ ৩ উইকেট পেলে আপনি এই প্রশ্ন করতেন না। এত দিন তো করে আসছে। আমার কাছে বেস্ট অপশন মোস্তাফিজ মনে হয়েছে, আমি করিয়েছি। আপনার কাছে যদি কখনো মনে হয় অন্য অপশন বেস্ট, আপনি করাবেন।’
ব্যাট হাতেও বাংলাদেশ খুব একটা ভালো করতে পারেনি। হৃদয়ের ২৫ বলে ৪২ রানের ইনিংস ছাড়া বাকি ব্যাটাররা তাকে তেমন সঙ্গ দিতে পারেননি। অধিনায়ক লিটন নিজেও ৩ বলে ২ রান করে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।
তবে বাজে ব্যাটিংয়ের জন্য অধিনায়ক অনুশীলন ঘাটতিকে সামনে এনেছেন, ‘আমরা অনেক দিন ধরে রুমে বসা, আবার আমরা টসে হেরে গেছি। তো আমাদের হাতে তো কোনো অপশন ছিল না, উইকেটটাও একটু ডিফিকাল্টি ফেস করার ছিল। যদি ভালো খেলতে পারতাম ভালো হতো, বাট এটা খুবই ইজি না যে আপনি এতদিন বসে থাকবেন এবং গিয়ে খুব এক্সট্রাঅর্ডিনারি ইনিংস খেলবেন।’
উইকেট নিয়েও তেমন ধারণা ছিল না উল্লেখ করে লিটনের ভাষ্য, ‘আমাদের তো কোনো ধারণা ছিল না। কারণ, এখানে আমরা কয় দিন ধরে কোনো খেলা দেখিনি এবং উইকেটে অনুশীলন করার সুযোগও নেই। ধারণা ছাড়া আমরা ক্রিকেট খেলেছি প্রথম কয়েকটা ওভার। তারপর আস্তে আস্তে ব্যাটসম্যানরা ধারণা পেয়েছে।’
বাংলাদেশের অধিনায়ক এই মন্তব্য করলেও কোচ অবশ্য দিন দুয়েক আগেই বলেছিলেন তারা এমন পরিস্থিতির জন্য প্রস্তুত। গতকাল ইয়াসির আলী রাব্বিও অনুশীলন না করাকে কারণ হিসেবে আনেননি।
যদিও পাকিস্তানও একইভাবে অনুশীলন করতে পারেনি, তবে তাদের ঠিকই সাবলীল ব্যাটিং করতে দেখা গেছে।

