সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
তার টেস্ট ক্যারিয়ারের বয়স মোটে মাস পাঁচেক। বাংলাদেশের বাস্তবতায় এই সময়টা একেবারেই অপ্রতুল। প্রতুলতার মানদণ্ডটা কী, তার কোনো ব্যাখ্যা নেই। এই সময়ে তাওহিদ হৃদয় যেন রীতিমতো ‘হৃদয়’ বনে গেছেন বাংলাদেশের টেস্ট ব্যাটিং লাইনআপের।
প্রতুলতার মানদণ্ড নিয়ে প্রশ্নটা কি আপনার মনেও একটু করে জেগেছে? নাহলে অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিনকে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই কাগিসো রাবাদার সামনে, তাও আবার তারই ডেরায় নামিয়ে দেওার বুদ্ধিটা এলো কার মগজ থেকে? দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটারটিই বা কেন প্রথম বলেই অন দি আপে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দেবেন স্লিপে? সে দলে প্রতুলতার মানদণ্ড নিয়ে কি প্রশ্ন ওঠাই বাঞ্চনীয় নয়?
এইসব ঘটনা যখন ঘটছে, তখন তাওহিদ হৃদয় এসব দেখছেন খুব কাছ থেকে। ম্যানেজমেন্টকে সিদ্ধান্তটা নিতে দেখেছেন আগেই। এরপর দ্বিতীয় ঘটনাটা যখন ঘটল, তখন তিনি দাঁড়িয়ে নন স্ট্রাইকে।
এই দুই ঘটনার মাঝে ওয়ান্ডারার্স যেন বনে গিয়েছিল প্রেতের নগরী, যেখানে ‘সবাই ফিরেছে ঘরে সাত তাড়াতাড়ি’। দেখেছে কাগিসো রাবাদার উদ্বাহু নাচন। ২২ রান তুলতেই টপ অর্ডার হাওয়া হয়ে গিয়েছিল। এসবের ভিড়ে ব্যাট হাতে পাঁচ নম্বরে আসা হৃদয়ের চোখ যেন পড়ে ছিল ওয়ান্ডারার্সের ক্রিজে, যা মোহন নগ্নতা নিয়ে তাকে আমন্ত্রণ জানাচ্ছিল দুর্বার।
পরের গল্পটা বেশ ‘চেনা’। টেস্ট আঙিনায় যার সঙ্গে পরিচয়টা বহু বছরের নয় ঠিক। তবে এই গেল সপ্তাহে তার ব্যাটিং এই দুচোখ এত ঘণ্টা ধরে দেখেছে যার ফলে বিষয়টা ঠেকছিল ক্লকওয়ার্কের মতো, কীসের পর কী হবে, তা যেন ঠিক ছিল আগে থেকেই।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সের উইকেট কেমন আচরণ করবে, তা টসের সময় পিচ রিপোর্টেই জানা গিয়েছিল। টসের সময় দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বাভুমাও বলছিলেন, ‘সকালের দিকে বোলিংয়ের জন্য কিছু থাকবে এই উইকেটে। দিন যত গড়াবে, উইকেটে গতি আসবে।’
এই জ্ঞান হৃদয়ও ভালোভাবে কাজে লাগিয়েছেন। শুরুর দিকে খোলসে ঢুকে ছিলেন। পঞ্চাশ ছুঁতে বল লেগেছিল ৯৯টি। পরের ৩১ বলে রান তুলেছেন একটু দ্রুত, ১৯। রাবাদা আক্রমণে ফিরতেই আবার তাকে পর্যাপ্ত সম্মান দিয়েছেন। সেঞ্চুরি ছুঁতে লেগেছে ১৯৪টি বল। মাঝে সাইমন হারমারকে পেয়ে এক ওভারেই হাঁকিয়ে বসেছেন এক ছক্কা, দুই চার।
ঝড়ের মুখে নেমেছেন। শুরুতে খোলসে ঢুকে সামলেছেন সে ঝড়। সময়ে সময়ে দাপিয়ে বেড়িয়েছেন, আবার সমঝেও চলেছেন। তার ওপর আবার ক্র্যাম্পও উঁকি দিচ্ছিল মাঝে, একাধিকবার ফিজিও গিয়ে তার পা শুশ্রূষা করেছেন। তবে এত কিছুর মাঝেও হৃদয় পরিচয় দিয়েছেন পরিপক্বতার ছাপ রেখেছেন, ঠায় দাঁড়িয়ে রান তুলে গেছেন। টেস্টের মিডল অর্ডারে যে নির্ভরতা চাই, সেটা দলকে দিয়েছেন।
দিনের শেষটা আরও মধুর হতে পারত, যদি আর একটা বল কোনোভাবে টিকে যেতে পারতেন। দিনের শেষ বলে মার্কো ইয়ানসেনের ইয়র্কারে পরাস্ত হলেন। ফিরলেন ১৩৭ করে, দক্ষিণ আফ্রিকার মাটিতে যৌথভাবে সর্বোচ্চ।
২২/৩ এ নেমে নিজে তিন অঙ্ক ছোঁয়া, নিশ্চিত ধসের হাত থেকে দলকে বাঁচানো। এই স্ক্রিপ্টটা তাওহিদ আগের ম্যাচেই মেনে এগিয়েছেন, গড়েছেন ইতিহাস। আজ ইতিহাস না গড়তে পারেননি। তবে দলের কাজটা হয়ে গেছে ততক্ষণে, অন্তত ধস ঠেকানো গেছে, লম্বা লাইন আপের ফায়দা তুলে চাইলে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ৪০০, কিংবা ৫০০ ও করে ফেলা সম্ভব, সে ভিতটা তাওহিদ গড়ে দিয়ে গেছেন।
মানব শরীরে হৃদয়ের কাজ চুপচাপ, নিঃশব্দে। কেউ তার স্পন্দন গোনে না, যতক্ষণ না সেটা থামার উপক্রম হয়। ২২/৩-এ বাংলাদেশের স্পন্দন যখন প্রায় থেমে আসছিল, তাওহিদ হৃদয় তখন ক্রিজে দাঁড়িয়ে সেটা ফিরিয়ে আনলেন। থামলেন দিনের শেষ বলে, ১৩৭ রানে। কিন্তু ততক্ষণে বাংলাদেশের ইনিংসের প্রাণটা ফিরে এসেছে। তাওহিদের ব্যাটই এখন বাংলাদেশের ‘হৃদয়’।

