ভারতের ফুটবলকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন আনচেলত্তি
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫১ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচে ৪-০ গোলে জিতেছে ব্রাজিল। শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ম্যাচটি হয়েছে। তবু ভারতের খেলার প্রশংসা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেছেন, গোছালো খেলে ভারত তাদের প্রথম গোল পেতে কঠিন করে দিয়েছিল।
ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল এখন ছয় নম্বরে। ভারত আছে ১৩৮তম স্থানে। তবু ব্রাজিল প্রথম গোল পায় ২৮ মিনিটে। গোলটি করেন এস্তেভাও। এরপর একে একে গোল আসতে থাকে। পেদ্রোর গোলে প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে সামুয়েল লিনো দুটি গোল করে জয় বড় করেন।
সংবাদ সম্মেলনে ভারতের খেলা নিয়ে আনচেলত্তি বলেন, ‘ভারত নিজেদের দায়িত্ব ভালোভাবে পালন করেছে। তারা নিজেদের খেলা খেলার চেষ্টা করেছে। তারা রক্ষণে বেশ গোছালো ছিল, পাল্টা আক্রমণের চেষ্টা করেছে। আমার মনে হয়, তারা ভালো খেলেছে। প্রথম গোল করতে আমাদের কষ্ট হয়েছে। কিন্তু এস্তেভাওয়ের গোলটি করার পর খেলা নিয়ন্ত্রণ করার সুযোগ আরও বেড়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ভালো বোধ করছি। এটা ছিল ভালো অভিজ্ঞতা। আমার মনে হয়, ম্যাচটা ভালো ছিল, বিনোদনময় ছিল, তীব্রতাও ছিল। ভারত নিজেদের দায়িত্ব পালন করেছে।’
নিজের দল নিয়েও কথা বলেন আনচেলত্তি। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা রক্ষণে ভালো খেলেছি। পাল্টা আক্রমণে দু-একটি সুযোগ পেলে আরও ভালো রক্ষণ করতে পারতাম। তবে আমাদের জন্য গোল না খাওয়াটাই গুরুত্বপূর্ণ। অবশ্যই রক্ষণের কিছু সমন্বয় আমাদের ঠিক করতে হবে। কিন্তু আমাদের রক্ষণভাগ নতুন ছিল, তারা আগে কখনো একসঙ্গে খেলেনি। তাই হয়তো সবকিছু নিখুঁত হয়নি। আবারও বলছি, এখানে এসে আমরা খুশি। আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। যাঁরা ব্রাজিলকে ভালোবাসেন, ফুটবলকে ভালোবাসেন, তাদের সবাইকে আমরা নিজেদের সেরা মান দেখাতে চেয়েছি। আশা করি, রাতটা তাদের ভালো লেগেছে।’
