বিদায়ী ম্যাচে ২ গোল করিয়ে গোলের দেখা পেলেন মেসি
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১২ এএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচটা ভালোভাবেই রাঙাচ্ছেন লিওনেল মেসি। প্রথমার্ধে দলের সবচেয়ে বেশি সুযোগ তৈরি করেছিলেন, বেশি শট নিয়েছিলেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করিয়ে অচলাবস্থা ভাঙেন। এরপর করিয়েছেন আরও একটি গোল। শেষমেশ গোলের দেখা পেয়েছেন ম্যাচের ৭০ মিনিটে এসে।
ম্যাচের ৪৭ মিনিটে মেসির নিখুঁত কর্নার থেকে দারুণ এক ভলিতে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন নিকোলাস ওতামেন্দি।
প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। ফলে দ্বিতীয়ার্ধেও ম্যাচের উত্তেজনা চলছিল সমানতালে। অবশেষে দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে আর্জেন্টিনার বাঁ প্রান্ত থেকে কর্নার নেন মেসি। তার নেওয়া কর্নারটি গিয়ে পড়ে পেনাল্টি স্পটের কাছে।
সেখানেই দৌড়ে এসে অসাধারণ অ্যাক্রোবেটিক ভলিতে বল জালে জড়িয়ে দেন ওতামেন্দি। গোলের পরপরই তিনি ছুটে যান মেসির দিকে। কর্নার ফ্ল্যাগের কাছে অপেক্ষায় থাকা মেসির সঙ্গে জড়িয়ে ধরে উদযাপন করেন আর্জেন্টিনার এই অভিজ্ঞ ডিফেন্ডার।
মুহূর্তটি হয়ে ওঠে ম্যাচের অন্যতম আবেগঘন দৃশ্য—জাতীয় দলের হয়ে দুজনের শেষ অধ্যায়ের সঙ্গে জড়িয়ে গেল এক গোলের স্মৃতি।
গোল করার মাত্র চার মিনিট পরই মাঠ ছাড়েন ওতামেন্দি। লিওনেল স্কালোনির প্রথম দফার পরিবর্তনের অংশ হিসেবে তাকে তুলে নেওয়া হলে পুরো স্টেডিয়াম করতালিতে মুখর হয়ে ওঠে। মাঠ ছাড়ার আগে আর্জেন্টিনার জার্সির প্রতীকে চুমু দিয়ে বিদায় জানান ওতামেন্দি।
এরপর মেসি করিয়েছেন আরও এক গোল। ম্যাচের ৬১ মিনিটে নিকো পাজকে বলটা দিলেন বক্সের ঠিক কোণায়, যেখান থেকে তিনি গোল করতে ভালোবাসেন। মেসি যেভাবে ক্যারিয়ারে করেছেন বহু গোল, ঠিক সে ভঙ্গিতেই বাঁকানো এক শট নিলেন পাজ, বল আছড়ে পড়ল জালে।
ম্যাচের ৭০ মিনিটে বক্সে অগাস্তিন জিয়াই ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেখান থেকে বিদায়ী ম্যাচে গোলের আক্ষেপ পূরণ করেন মেসি। বিদায়ী ম্যাচটা আগেই রাঙিয়েছিলেন ২ অ্যাসিস্টে, গোল করে সেটাকে পূর্ণতা দেন তিনি।
