ভূরাজনৈতিক বিশ্লেষক
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হবেন মেসি
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফুটবল মাঠে নিজের রূপকথার অধ্যায় শেষ করে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। তবে আন্তর্জাতিক অঙ্গন থেকে অবসর নেওয়ার পরই তাকে ঘিরে শুরু হয়েছে নতুন গুঞ্জন। ফুটবলের রাজত্ব ছেড়ে এবার কি রাজনীতির মাঠে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন আর্জেন্টিনার এই মহাতারকা? ‘এলএমটেন’কে ঘিরে এমনই গুঞ্জন সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি দাবিকে কেন্দ্র করে এমন আলোচনা এখন তুঙ্গে। কানাডীয় এক ভূরাজনৈতিক বিশ্লেষক ও ভবিষ্যদ্বক্তার দাবি, আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্টের দায়িত্বে দেখা যেতে পারে বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি ফুটবলারকে।
কানাডীয় শিক্ষাবিদ ও ভবিষ্যদ্বক্তা হিসেবে পরিচিত ‘প্রফেসর জিয়াং’ আমেরিকান রাজনৈতিক ভাষ্যকার নিকোলাস কেন ডি বালিনথাজির (স্নিকো) দেওয়া এক সাক্ষাৎকারে এই আলোড়ন সৃষ্টিকারী দাবিটি করেন।
জিয়াং জানান, মেসি অদূর ভবিষ্যতেই পেশাদার রাজনীতিতে সক্রিয়ভাবে যোগ দেবেন এবং শেষ পর্যন্ত লাতিন আমেরিকার দেশটি শাসন করার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে আসীন হবেন।
প্রফেসর জিয়াং আরও বলেন, তিনি সচরাচর ‘গেম থিওরি’ ও বৈজ্ঞানিক কৌশল ব্যবহার করে বিশ্ব ভূ-রাজনীতির বিভিন্ন জটিল ঘটনা বিশ্লেষণ করেন। এর আগেও তার বেশ কিছু রাজনৈতিক পূর্বাভাস সত্যি প্রমাণিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। যদিও এই প্রফেসরের পেশাগত পরিচয় কিংবা তার পূর্বাভাসের বৈজ্ঞানিক ভিত্তি স্বাধীনভাবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।
আর্জেন্টিনার রাজনৈতিক সমীকরণ বিশ্লেষণ করতে গিয়ে জিয়াং আরো একধাপ এগিয়ে দাবি করেন, মেসি যদি কোনো দিন দেশটির প্রেসিডেন্ট হন, তবে তিনি প্রায় দুই দশক ধরে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারেন নিজেকে।
তবে তার এই দীর্ঘ শাসনকালে আর্জেন্টিনার জাতীয় স্বার্থের জন্য বেশ কিছু ক্ষতিকর ও বিতর্কিত সিদ্ধান্ত গৃহীত হতে পারে বলেও মনে করেন তিনি।
যদিও বাস্তব প্রেক্ষাপট কিন্তু ভিন্ন কথা বলে।
কেননা আর্জেন্টিনার সংবিধানের ৯০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি পরপর দুই মেয়াদের (সর্বমোট ৮ বছর) বেশি ক্ষমতায় থাকতে পারেন না। ফলে জিয়াংয়ের দাবি অনুযায়ী মেসির ২০ বছর টানা ক্ষমতায় থাকার কথাটি সম্পূর্ণ অসাংবিধানিক।
এদিকে, বিজ্ঞানী জিয়াংয়ের মতে, মেসি রাষ্ট্রপতি হলেও ক্ষমতার প্রকৃত কলকাঠি এবং পর্দার আড়ালের মূল প্রভাব বজায় রাখবেন আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট ও চরম ডানপন্থী নেতা হাভিয়ের মিলেই।
সূত্র: ইয়াহু স্পোর্টস

