রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৪:১১ পিএম
আগস্টের শেষ দিকে নতুন চেহারায় হাজির হয়ে ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দেন আর্লিং হালান্ড।
|
ফলো করুন |
|
|---|---|
আগস্টের শেষ দিকে নতুন চেহারায় হাজির হয়ে ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দেন আর্লিং হালান্ড। নতুন মৌসুম শুরুর আগে নরওয়েজিয়ান এই স্ট্রাইকার ছেঁটে ফেলেন তার পরিচিত সোনালি চুল ও বিখ্যাত খোঁপা। হালান্ডের এই পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা।
হালান্ডের নতুন চেহারা দেখে বিস্ময় প্রকাশ করেন ফুটবলের অনেক তারকা। এমনকি বন্ধুদের হতভম্ব হয়ে যাওয়ার মুহূর্তগুলোর ভিডিওও প্রকাশ করেন তিনি। সুইডিশ ফুটবল কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচও অবাক হয়ে প্রশ্ন করেন, ‘তুমি কী করেছ? এটা কী? তুমি কি বাজি হেরে গেছ নাকি অন্য কিছু?’
স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের নতুন চুলের ছাঁট নিয়ে কথা বলেছেন হালান্ড। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি জানিয়েছে, সেখানে নিজের প্রত্যাশার চেয়েও বেশি আলোচনায় আসার বিষয়টি স্বীকার করেছেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড।
হালান্ড বলেন, ‘আমি ভেবেছিলাম, এটা নিয়ে কিছুটা শোরগোল হবে। কিন্তু কল্পনাও করিনি যে পুরো বিশ্ব আমার চুল কাটা নিয়ে প্রতিক্রিয়া জানাবে। বিষয়টি বেশ মজার ছিল।’
নিজের নতুন চেহারার আরেকটি দিকও তুলে ধরেছেন ২৬ বছর বয়সি এই ফুটবলার। তার মতে, চুলের পরিবর্তনের কারণে এখন রাস্তায় আগের মতো সহজে মানুষ তাকে চিনতে পারছে না।
হালান্ড বলেন, ‘রাস্তায় এখন আর আগের মতো মানুষ আমাকে চিনতে পারে না। সেই সোনালি চুল আর নেই। সবকিছু বদলে গেছে। আমি এটাকে ভালোভাবেই দেখছি।’
মাঠের বাইরে চেহারায় পরিবর্তন আনলেও মাঠের পারফরম্যান্সে অবশ্য পুরোনো ছন্দেই আছেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানচেস্টার সিটির হয়ে সাত ম্যাচে সাতটি গোল করেছেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষেও রয়েছে সিটি।
চুলের নতুন ছাঁট নিয়ে বিশ্বজুড়ে আলোচনা তৈরি করলেও হালান্ড যেন বুঝিয়ে দিচ্ছেন, তার আসল পরিচয় এখনো গোল করার দক্ষতাতেই।

