বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের বিপুল সমর্থন ও নিজের পারিবারিক শিকড় নিয়ে মুখ খুলেছেন কুইন সুলিভান। সম্প্রতি এক পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সঙ্গে নিজের পারিবারিক সম্পর্কের কথা তুলে ধরার পাশাপাশি এ দেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডার।
সামাজিক মাধ্যমে তার পোস্টের মন্তব্যের ঘরে নিয়মিত বাংলাদেশের পতাকা ও সমর্থকদের বার্তা দেখা যায়। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে কুইন জানান, বাংলাদেশি ভক্তদের এমন ভালোবাসা তাদের কাছে অবিশ্বাস্য। এই সমর্থনকে তারা কখনোই সাধারণভাবে দেখেন না। এত মানুষের ভালোবাসা পাওয়া এবং তাদের সঙ্গে যুক্ত হওয়ার এমন আগ্রহ কুইনের কাছে অত্যন্ত বিশেষ।
বাংলাদেশি সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আপনাদের সবাইকে ভালোবাসি। এত বড় সমর্থন পাওয়া এবং এত মানুষ যখন চায় আপনি কোনো কিছুর অংশ হোন, তা সত্যিই খুব বিশেষ। আমাদের ফ্যানবেস অসাধারণ, আর আমরা আপনাদের সবাইকে ভালোবাসি।’
বাংলাদেশের সঙ্গে সুলিভান পরিবারের সম্পর্ক অবশ্য শুধু সমর্থকদের ভালোবাসাতেই সীমাবদ্ধ নয়। কুইনের দুই ভাই ডেকলান সুলিভান ও রোনান সুলিভান ইতোমধ্যে বাংলাদেশের জার্সিতে খেলেছেন। বয়সভিত্তিক সাফ প্রতিযোগিতায় দেশের হয়ে শিরোপাও জিতেছেন তারা। এরই মধ্যে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন দুই ভাই।
নিজের পারিবারিক ঐতিহ্যের কথা বলতে গিয়ে কুইন জানান, তার নানি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই বেড়ে উঠেছেন। বর্তমানে তার নানি বাংলাদেশেই বসবাস করছেন। পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে বাইরে গিয়ে তার নানির সঙ্গে নানার পরিচয় হয়। সেখান থেকেই সুলিভান পরিবারের এই শিকড়ের সূত্রপাত।
কুইনের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে পরিবারের সদস্যরা নিজেদের বাংলাদেশি ঐতিহ্য সম্পর্কে আরও জানার এবং এর সঙ্গে গভীরভাবে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে তার যমজ ভাই রোনান ও ডেকলানের মাধ্যমে বাংলাদেশি সমর্থকদের অকৃত্রিম ভালোবাসা সম্পর্কে পরিবারের সচেতনতা বেড়েছে। এ ক্ষেত্রে পরিবারের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের সঙ্গে পারিবারিক বন্ধন এবং এ দেশের ফুটবলপ্রেমীদের নিঃস্বার্থ সমর্থন—দুইয়ের সমন্বয়ে কুইন সুলিভানের কাছে বাংলাদেশ এখন বিশেষ এক আবেগের নাম। আর সেই ভালোবাসার জবাব দিতেই বাংলাদেশি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানালেন এই মিডফিল্ডার।

