ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। ২৮ রানে প্রথম সারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে টাইগাররা।
দলকে খেলায় ফেরাতে দায়িত্বশীল ভূমিকা পালন করেন ওপেনার সাইফ হাসান ও মিডলঅর্ডারে ব্যাটিংয়ে নামা পারভেজ হোসেন ইমন।
পঞ্চম উইকেটে ১৩২ বলে তারা ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ২৯ ওভারের খেলা শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ৪ উইকেটে মাত্র ১১১ রান।
বুধবার সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
প্রথম ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ৪ রান। পরের ওভারে ইয়ামিন আহমেদজাই শুরু করেছিলেন দুই ওয়াইড দিয়ে। কিন্তু তার দ্বিতীয় বৈধ ডেলেভারি তানজিদের ব্যাট ছুয়ে যায় উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজের হাতে। তানজিদ ৬ বলে ১ রান করে সাজঘরে ফেরেন।
নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে কিছু বুঝে ওঠার আগেই ইয়ামিন আহমেদ জাইয়ের গতির বলে বোল্ড হয়ে ফেরেন সৌম্য সরকার। তার বিদায়ের মধ্য দিয়ে মাত্র ৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
এরপর আজমতউল্লাহ ওমরজাইয়ের করা সপ্তম ওভারের চতুর্থ ও শেষ বলে আউট হন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও বর্তমান অধিনায়ক তাওহীদ হৃদয়।
মাত্র ২৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। দলকে খেলায় ফেরাতে চেষ্টা করছেন ওপেনার সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন।
