বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুললেন ইমরুল কায়েস
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সে ক্ষুব্ধ সাবেক ওপেনার ইমরুল কায়েস। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালে দল নির্বাচন ও ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছিলেন তিনি। এবার দেশের ক্রিকেটের সামগ্রিক চিত্র, দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি এবং নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের নানা দিক নিয়ে মুখ খুলেছেন সাবেক এই ব্যাটার।
নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাংলাদেশের খেলা দেখে হতাশার কথা তুলে ধরেন ইমরুল। তিনি লেখেন, ‘সত্যি বলতে, বাংলাদেশের খেলা দেখে আমি ভীষণ মর্মাহত হয়েছি। ব্যস্ততার কারণে সব সময় খেলা দেখার সুযোগ হয় না। কিন্তু গতকাল অনেক আশা নিয়ে বাংলাদেশের ম্যাচটি দেখতে বসেছিলাম।’
জাতীয় দলের পারফরম্যান্সের উন্নতি নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই ওপেনার। তার মতে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাংলাদেশ ক্রিকেট প্রত্যাশা অনুযায়ী এগোতে পারেনি। বরং দলের বর্তমান অবস্থায় অতীতের দুর্বলতার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন তিনি।
ইমরুলের ভাষায়, ‘দলের পারফরম্যান্স দেখে আমার মনে হয়েছে, আমরা যেন আবার সেই ২০০৬-২০০৮ সালের বাংলাদেশ ক্রিকেটের জায়গাতেই ফিরে গেছি। এত বছর পরও যদি আমাদের একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে আমাদের উন্নতির পথটা আসলে কোথায়?’
নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও আক্ষেপের কথা জানিয়েছেন ইমরুল। বড় কোনো অর্জন কিংবা তারকা পরিচিতি না পেলেও দেশের হয়ে নিজের সামর্থ্যের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন বলে মনে করেন তিনি। তবে বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের মতো সুযোগ-সুবিধা, স্বাধীনতা এবং নিজেদের প্রতিভা প্রকাশের অনুকূল পরিবেশ পেলে তার ক্যারিয়ারের চিত্র হয়ত অন্য রকম হতে পারত।
এ প্রসঙ্গে ইমরুল বলেন, ‘অনেক বাধা, প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও দেশের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। মাঝেমধ্যে মনে হয়, বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের মতো যদি আমরাও আরও বেশি স্বাধীনতা, সুযোগ-সুবিধা এবং নিজেদের মেলে ধরার পরিবেশ পেতাম, তাহলে হয়ত আমার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারও অন্য রকম হতে পারত।’
বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ধারাবাহিক উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে ইমরুলের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ত্রিদেশীয় সিরিজে দলের ব্যর্থতার পর তার বক্তব্যে উঠে এসেছে জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে হতাশা এবং সাবেক ক্রিকেটারদের সুযোগ-সুবিধা নিয়ে পুরোনো আক্ষেপও।

