‘এ’ দলের মঞ্চে জাতীয় দলের বিকল্প খুঁজছেন বাশার
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২১ পিএম
বিসিবির নির্বাচক হাবিবুল বাশার। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কাতারে বাংলাদেশ খেলতে যাচ্ছে এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে। ১৯ নভেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। অথচ এই দলে আছে যুগ ধরে জাতীয় দলের খেলা ক্রিকেটাররাও। এই দল গঠন নিয়ে কৌতূহল বেশ। দলে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণদেরও রাখা হয়েছে। সাব্বির রহমান, সৌম্য সরকার, ইয়াসির রাব্বিদের মতো ক্রিকেটারদের অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন উঠেছে।
তবে দল নির্বাচন নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার। তার মতে, এই দলটি কোনো বয়সভিত্তিক উদীয়মান দল নয়, এটি জাতীয় দলের পরবর্তী সেরা ক্রিকেটারদের নিয়ে গড়া ‘এ’ দল।
মঙ্গলবার সিলেটে হাবিবুল বাশার বলেন, ‘প্রথমেই বলে রাখি, এই দলটি আসলে ইমার্জিং দল নয়, আমাদের ‘এ’ দল। অন্য দেশগুলোও তাদের ‘এ’ দল পাঠাচ্ছে। আগে এই টুর্নামেন্টে অনূর্ধ্ব-২৩ দলের চারজন ক্রিকেটার রাখার নিয়ম ছিল। গত বছর থেকে আইসিসি বয়সের সীমাবদ্ধতা তুলে দিয়েছে। এখন ভারত, পাকিস্তানসহ সবাই তাদের ‘এ’ দল পাঠাচ্ছে।’
‘এ’ দল গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমরা মূলত জাতীয় দলের দ্বিতীয় সারির সেরা ক্রিকেটারদের নিয়ে দল করি। ভবিষ্যতে কারা জাতীয় দলে খেলতে পারে, কাদের প্রস্তুত করা যায়, সেটিই আমাদের ভাবনায় থাকে। আবার কিছু অভিজ্ঞ ক্রিকেটারও আছে, যাদের আগামী মৌসুমে বিবেচনা করা হতে পারে। সামনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ আছে। এই টুর্নামেন্টে ভালো খেললে তাদের প্রস্তুতিও ভালো হবে।’
টুর্নামেন্টে কঠিন প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা করছেন বাশার। বাংলাদেশের গ্রুপে আফগানিস্তান ও শ্রীলংকা রয়েছে। ভারত-পাকিস্তানও শক্তিশালী দল পাঠাচ্ছে। তার আশা, এখানে ভালো খেললে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য কার্যকর প্রস্তুতি হবে। দলে শামীম পাটোয়ারী না থাকার কারণও জানিয়েছেন এই নির্বাচক।
তার ভাষায়, ‘পাটোয়ারীকে আমরা একটু সময় দিতে চাই। দল থেকে বাদ পড়ার পর ওর পারফরম্যান্স প্রত্যাশামতো হচ্ছিল না। ৫০ ওভারের ক্রিকেটে মিডল অর্ডারের জন্য সাব্বির রহমান ও ইয়াসির রাব্বিকে বিবেচনা করেছি। তবে টি-টোয়েন্টি হলে পাটোয়ারীর কথা অবশ্যই ভাবতাম।’
আসন্ন টেস্টে মুমিনুল হককে না পাওয়া বড় ধাক্কা বলে মনে করেন বাশার। তবে মুশফিকুর রহিমের ফেরা স্বস্তির। তিনি বলেন, ‘মুমিনুলকে না পাওয়াটা আমাদের জন্য বড় সেটব্যাক। মুমিনুল ও মুশফিককে আমরা টেস্ট ব্যাটিংয়ের স্তম্ভ মনে করি। তবে ভালো খবর, মুশফিক ফিরে এসেছে এবং সে ফিট। লিটনও যতদূর জানি ঠিক আছে। একাদশ এখনো চূড়ান্ত হয়নি, চোটের দিক থেকে বাকিরা ভালো আছে।’

